মাদারীপুরের রাজৈর উপজেলায় খাল থেকে শামীম আহমেদ (২৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী শামীম আহমেদ ঢাকার কেরানীগঞ্জ এলাকার মো. আলমের ছেলে। তিনি রাজৈর উপজেলার বিদ্যানন্দী বাজারে ব্যবসা করতেন। পাশাপাশি একটি ভবনের নিচতলায় খালার সঙ্গে বসবাস করতেন। সেখানে খালুর সঙ্গে একটি ফার্মেসির ব্যবসায়ও যুক্ত ছিলেন তিনি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাইরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন শামীম। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাঁর খোঁজখবর নেন। শুক্রবার দুপুরে হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খালের পাড়ে তাঁর মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খালের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।