অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ  শিক্ষার্থীদের

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস) অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার অধ্যক্ষকে তার কার্যালয়ে ১৩ ঘণ্টা আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে তাদের ওপর লাঠিচার্জ করে অধ্যক্ষকে উদ্ধার করে পুলিশ। এ সময় দুই শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গতকাল নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

গতকাল সকাল সাড়ে ১০টার পর কলেজের সামনের সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৩টা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছেÑ পুলিশি হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দায়ী ব্যক্তিদের শনাক্ত করে ৭২ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে অপসারণ। সরকার অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কলেজের সব কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তারা।

তবে শুক্রবার সকালে কলেজে একটি সরকারি নিয়োগ পরীক্ষা কোনো বাধা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ অস্বীকার করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন বলেন, ‘সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সবাই নারী ছিলেন। শিক্ষার্থীদের আঁচড়ে আমাদের ১০ থেকে ১৫ নারী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। অধ্যক্ষকে বের করে আনার সময় আমাদের সঙ্গে বিক্ষোভকারীদের শুধু দুবার ধাক্কাধাক্কি হয়েছে।’

অধ্যক্ষ মেহেরুন্নেছা সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগ করেন, তা ঘটনার সম্পূর্ণ বিপরীত। ‘আমি রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলাম। কিন্তু তারা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠান করেছে। এ কারণে আমি কিছুটা রেগে গিয়ে তাদের দুজনের হলের আসন বাতিল করি।

সর্বশেষ সর্বাধিক পঠিত