দেশের কারাগারগুলোর নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত দফা নির্দেশনা জারি করেছে কারা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, লকআপের পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহিতা, অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তা এবং আকস্মিক পরিদর্শন নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া লকআপের পর কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। ব্যতিক্রমী ক্ষেত্রে জেলারের লিখিত অনুমোদন নিতে হবে এবং তা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। প্রতিটি কারাগারে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে প্রশিক্ষিত কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ কক্ষ বা মনিটর স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত প্রহরীরা অনুমতি ছাড়া নির্ধারিত স্থান ত্যাগ করলে তাৎক্ষণিক প্রতিবেদন ও বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনা গোপন করা বা ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। দায়িত্বে অবহেলাকারীদের পুনঃপ্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের পাশাপাশি এক কারাগার থেকে অন্য কারাগারে বদলির নির্দেশও দেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম বলেন, নির্দেশনাগুলো বাস্তবায়নে সারা দেশের কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।