হৃদয়ের ডাবল; যে কীর্তি বাংলাদেশের আর কারো নেই 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

এর আগে বাংলাদেশি কোনো ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৮১ রান ছিল মুমিনুল হকের। সেটি ছাড়িয়ে তো গেলেনই, সঙ্গে এমন কীর্তি গড়লেন যা বাংলাদেশের আর কারো নেই। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রুপ দিলেন তাওহীদ হৃদয়। 

প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করা হৃদয় বাংলাদেশের প্রথম হলেও টেস্ট ক্রিকেট ইতিহাসে ৪৬তম ব্যাটার হিসেবে এই নজিরের সাক্ষী হলেন তিনি। 

ইনিংসের ১০০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিজের ডাবল সেঞ্চুরির জাদুকরী মাইলফলক স্পর্শ করেন তিনি। এই দুর্দান্ত অর্জনের সুবাদে মুশফিকুর রহিম (তিনটি), সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর মাত্র চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন হৃদয়।

তবে হৃদয়ের এই ইনিংসে আপনি সবার চেয়ে আলাদা বলতেই পারেন। গতকালের শেষ সেশন থেকে লড়াই শুরু করে বেশিরভাগ সময় টেল-এন্ডার ব্যাটারদের অন্যপ্রান্তে নিয়ে এই কীর্তি গড়লেন এই ডানহাতি ব্যাটার। ১৭১ বলে সেঞ্চুরি তোলার পর ১৫০ রান করেছিলেন ২৩৫ বলে। আর ৩০৪ পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। শুরুতে ধীরগতি ইনিংস খেললেও পরে খেলেছেন ওয়ানডে মেজাজে। 

দুইশ রানের ব্যক্তিগত এই ইনিংসের পথে ১৯টি চার ছাড়াও মেরেছেন ৭টি ছক্কা। পরে আরও ১টি ছক্কা হাঁকিয়ে ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের খেলা ২০৬ রানের ইনিংসে ছিল ৭টি ছক্কা, যা এতদিন ছিল দেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ। আর উইন্ডিজের বিপক্ষে সিলেটের টেস্টের এই ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ড নিজের নামের পাশে নতুন করে লিখলেন হৃদয়।

এদিকে ডাবল সেঞ্চুরি তুলেও ক্ষান্ত হননি হৃদয়। রানের গতি ধরে রেখে দলকে এনে দিলেন লিড আর নিজের ব্যক্তিগত সংগ্রহকে নিয়ে গেলেন সবার ওপরে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকের রহিম, যা এতোদিন ছিল বাংলাদেশি কোনো ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি। তাকে ছাড়িয়ে এখন চূড়ায় উঠলেন হৃদয়। ২২৯ রানে অপরাজিত আছেন তিনি।

১০৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান। এতে উইন্ডিজের ৩৫৬ ছাড়িয়ে শান্তদের লিড এই মুহূর্তে ৬ রানের।  

সর্বশেষ সর্বাধিক পঠিত