গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৮ হাজার টাকা করার দাবি বাসদের

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৮ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক তৌফিক হত্যার বিচার ও তাঁর পরিবারকে আজীবন ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ শনিবার রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নিখিল দাস ও শম্পা বসু।

সমাবেশে নেতারা বলেন, সরকারি কর্মচারীদের ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা। বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ তাঁদের মাসিক প্রাপ্তি প্রায় ৩৮ হাজার টাকা। অথচ বেসরকারি শ্রমিকেরা এসব সুবিধা পান না। তাই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৮ হাজার টাকা নির্ধারণ করতে হবে। শ্রমিক তৌফিক হত্যার বিচার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত