টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে টেকনাফ থানার নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত