বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল রবিবার রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে অধস্তন আদালতের ২৫ বিচারকের অংশগ্রহণে তিন দিনের এ কর্মশালা আয়োজন করেছে।
টিআইবির প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘জুডিশিয়ারিতে ফাইন্যান্সিয়াল করাপশন (আর্থিক ক্ষতি) যতটা না ক্ষতি করেছে, তার থেকে অনেক বেশি বাংলাদেশকে ক্ষতি করেছে ইন্টেলেকচুয়াল করাপশন (বুদ্ধিবৃত্তিক দুর্নীতি)।’ তিনি বলেন, ‘ত্রয়োদশ সংশোধনীর রায় ফাইন্যান্সিয়াল করাপশনের বাই-প্রোডাক্ট ছিল তা আমি বলব না; এটি ছিল ইন্টেলেকচুয়াল করাপশনের বাই-প্রোডাক্ট।’
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে সবচেয়ে স্বাধীন। একবার সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে স্থায়ী হয়ে গেলে সরকারের তাদের ওপর প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কিন্তু বিগত বছরগুলোতে সংকটকালে এই সুপ্রিম কোর্ট কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে? ইন্টেলেকচুয়ালি যারা বায়াসড, যারা করাপ্ট, যারা সুপ্রিম কোর্টকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের আপনারা শনাক্ত করেন, তাদের বিরুদ্ধে কথা বলেন।’
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বিচারকদের সততা ও নৈতিকতার ওপর নির্ভর করে। রাজনৈতিক ও আর্থিক প্রভাবের ঊর্ধ্বে থেকে বিচারকরা দায়িত্ব পালন করলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা সহজ হয়।’ তিনি আরও বলেন, ‘বিচারিক শুদ্ধতা নিশ্চিত করার পাশাপাশি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আধুনিকায়ন, বিচারক ও প্রয়োজনীয় জনবল বাড়ানো জরুরি।’