প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমনটি মনে করেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ তৈরি করতে হবে।
গতকাল রবিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সংকট বিষয়ে অনুষ্ঠিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। নীতি গবেষণাকেন্দ্র এ সংলাপের আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। স্বাভাবিক উপায়ে সবসময় এমন সমস্যার সমাধান হবে, সেটা মনে করাটাও অতি সরল বিবেচনা হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ সরকার এ বিষয়ে মিয়ানমার সরকার ও রাখাইনের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করছে এমনটি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও বোঝে যে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক অবস্থা বেশ দ্রুত পরিবর্তনশীল।
মিয়ানমারের প্রায় ১৩ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আশ্রয়কেন্দ্রে আছে, এমনটি জানিয়ে তিনি বলেন, প্রতিবছর বিপুল সংখ্যক নতুন শিশুর জন্ম হচ্ছে। পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি দিনদিন জটিল রূপ নিচ্ছে।
এক্ষেত্রে বাংলাদেশে জাতীয় রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন, এমনটি উল্লেখ করে তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল মিলে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে যে, তারা (আন্তর্জাতিক সম্প্রদায়) যেন মিয়ানমারে রোহিঙ্গা সংশ্লিষ্ট সব অংশীদারদের একটি ঐকমত্যে আসতে আলাদাভাবে চাপ দেয়। জাতিসংঘে এ বিষয়ে উত্থাপিত প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা উদ্বেগ হয়ে উঠেছে; এর সমাধানে অর্থপূর্ণ আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সুস্পষ্ট পথরেখা প্রণয়ন, রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় রাখা রাখার প্রয়োজনীয়তার ্ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।