১২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস সাত দিনেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ১২ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ১৩ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিদিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরের প্রথম সাত দিনে (১ থেকে ৭ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ৮৭ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের নভেম্বরের একই সময় এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।

সব মিলিয়ে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলার বা ১২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার বা ১০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ মাসে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ১০ শতাংশ।

এর আগে সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ বেশি। আগস্টে এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। এ মাসে প্রবৃদ্ধি ছিল ২২ দশমিক ৫০ শতাংশ। আর অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি।

গত বছরের নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার। এরপর টানা ছয় মাস, অর্থাৎ ডিসেম্বর থেকে মে পর্যন্ত প্রতি মাসেই ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। দেশের ইতিহাসে এর আগে রেমিট্যান্স প্রবাহে এমন উল্লম্ফন দেখা যায়নি।

একক মাসের হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৪ কোটি ২৬ লাখ ডলার এসেছিল মে মাসে। আর তৃতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ৩৬ লাখ ডলার এসেছিল ডিসেম্বরে।

দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে বর্তমানে রেমিট্যান্স সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। সংকটে পড়া অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো এই অর্থ।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৯ কোটি ডলার বা ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। পুরো অর্থবছরজুড়েই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। ১২ মাসের মধ্যে ছয় মাসেই দেশে এসেছে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স।

ওই অর্থবছরে প্রতি মাসে গড়ে ২৯৬ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩৪ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩ হাজার ৩৩ কোটি ডলার।

এদিকে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। আর গ্রস বা মোট হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভকে তাৎক্ষণিক ব্যবহারযোগ্য রিজার্ভ হিসেবে বিবেচনা করে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত সেপ্টেম্বর মাসের আমদানি তথ্যে দেখা যায়, ওই মাসে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৭ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সে হিসাবে বর্তমানের ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের ব্যবহারযোগ্য রিজার্ভ দিয়ে প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুত থাকা প্রয়োজন।

উল্লেখ্য, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত