ফরিদপুরে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ডিভাইস উপহার দিলেন এমপি

আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ফরিদপুর শহরকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
 
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
ফরিদপুর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইস সরঞ্জাম জেলা পুলিশকে উপহার দিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
 
রবিবার (৮ নভেম্বর) রাত ৭ টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছ থেকে ডিভাইসহ অন্যান্য সরঞ্জাম গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এ সময় শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
 
এআই প্রযুক্তিনির্ভর এই ডিভাইসের কার্যকর ব্যবহারের মাধ্যমে ফরিদপুর শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন পুলিশ সুপার।
 
আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ফরিদপুর শহরকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
 
এ সময় ডিভাইসহ অন্যান্য সরঞ্জাম হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ সর্বাধিক পঠিত