চট্টগ্রামে পাঁচ কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বিনষ্ট করে যত্রতত্র অনুমোদনহীন পোস্টার লাগানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে অনুমোদন ছাড়া পোস্টার টানানোর অভিযোগে ইনডেক্স ও উন্মেষসহ মোট পাঁচটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আর্থিক জরিমানার পাশাপাশি ইনডেক্স, উন্মেষ, উদ্ভাস, ফ্লোরেন্স নার্সিং স্কুল ও সায়েন্স কেয়ার; এই পাঁচ কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

চসিক সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন এবং নিজ দায়িত্বে নগরী থেকে অবৈধ পোস্টারগুলো অপসারণ করার অঙ্গীকার করেছেন।

নগরীর সৌন্দর্য রক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত