ঢাকার আশুলিয়ায় খাদ্য উৎপাদনে নানা অনিয়মের দায়ে কোকো ফুডস কোম্পানি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) আশুলিয়ার ২৪৬ আড়াগাঁও এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ। অভিযানে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটির মেঝেতে রেখেই ফ্লেভারড জেলি প্যাকেটজাত করা হচ্ছিল। এ ছাড়া জেলি ও ললিপপ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রং ও ফ্লেভারের মোড়কে আমদানিকারকের তথ্য উল্লেখ ছিল না। জেলি তৈরিতে ব্যবহৃত পানির কোনো ল্যাব পরীক্ষার প্রতিবেদনও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ ছাড়াই আচার উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।