রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য জানান।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।