কক্সবাজারের ইনানীতে মিলতে পারে গ্যাস। বাপেক্সের গবেষণাগারে নমুনা পরীক্ষায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব মিলেছে। প্রস্তুত করা হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ দল। আগামী এক মাসের মধ্যেই টু ডি সাইসমিক সার্ভের কাজ শুরু হবে। সীমিত পরিসরে করা হবে থ্রি ডি সাইসমিক সার্ভে।
১৯৬০-এর দশকে ইনানীর খুব কাছে অগভীর সাগরে তেল অনুসন্ধানের জন্য একটি কূপ খনন করা হয়। কিন্তু ওই কূপে তেল পাওয়া যায়নি। ইনানী এলাকায় পেট্রোবাংলা ১৯৭৫ সালে ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করে। সেই জরিপ দলের একজন সদস্য জানান তখনো এখানে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাগরে যেহেতু তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। ধারণা করা হয়, সেখানে তেল-গ্যাসের জরিপ হলে কক্সবাজার জেলার উপকূলের একটি চিত্র পাওয়া যাবে। এ জন্য এখানে আলাদা করে কখনো নজর দেওয়া হয়নি। তবে সম্প্রতি ইনানীর সিকদারপাড়া ছোটখাল ব্রিজসংলগ্ন নলকূপের পানির সঙ্গে গ্যাস উদ্গিরণে আগুনের তীব্রতায় আশার আলো জেগেছে।
দেশে এখন পর্যন্ত ৩০টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এসব গ্যাস ক্ষেত্রের উৎপাদন দিন দিন কমছে। ইনানীতে গ্যাস পাওয়া গেলে সেটি হবে দেশের ৩১ নম্বর গ্যাস ক্ষেত্র। এখন প্রতিদিন দেশীয় খনি থেকে ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হয়। গত ১০ বছর আগেও দেশীয় খনি থেকে গ্যাস পাওয়া যেত দুই হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এখন ক্রমেই গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে। নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলে তা দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাপেক্স সূত্র বলছে, ইনানীতে গ্যাস পাওয়া গেলে আশপাশের এলাকাতেও গ্যাস অনুসন্ধান শুরু হবে। সে ক্ষেত্রে উপকূলের কাছাকাছি স্থলভাগে গ্যাস পাওয়া গেলে তা দ্রুত গ্রিডে যোগ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তারা বলছেন, এখানে সাবসি পাইপলাইন এবং গ্যাস আনার জন্য সাগরে যে ধরনের অবকাঠামো নির্মাণ করতে হয় তা হবে না।
পেট্রোবাংলা সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বছরের শুরুর দিকে দরপত্র আহ্বান করে। এক দফা সময় বাড়িয়ে আগামী বছর মার্চে দরপত্র জমা দেওয়ার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলা মনে করছে, সাগরে অনুসন্ধান কাজ শুরুর পর অন্তত আট থেকে ১০ বছর পর গ্যাস স্থলভাগে আনা সম্ভব। সে ক্ষেত্রে ইনানীতে গ্যাস পাওয়া গেলে তা এক থেকে দেড় বছরের মধ্যে গ্রিডে যোগ করা সম্ভব বলে মনে করা হচ্ছে।
গবেষণাগারে কী তথ্য মিলেছে : বাপেক্সের গবেষণাগারে ইনানীর গ্যাসের নমুনা পরীক্ষায় থার্মোজেনিক ও বায়োজেনিক উভয় ধরনের গ্যাসের অস্তিত্ব মিলেছে। বাপেক্সের এক কর্মকর্তা জানান, কোনো গ্যাস ক্ষেত্রে যদি থার্মোজেনিক গ্যাস পাওয়া যায়, তাহলে সেখানে গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকে। কারণ হিসেবে তিনি বলেন, এই গ্যাসের মধ্যে প্রচুর মিথেন থাকে।
প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি মূলত দুই ধরনের হতে পারে থার্মোজেনিক গ্যাস ও বায়োজেনিক গ্যাস। তবে একই গ্যাস ক্ষেত্রে দুই ধরনের গ্যাসের মিশ্রণও থাকতে পারে। থার্মোজেনিক গ্যাস ভূগর্ভের অনেক গভীরে জৈব পদার্থ উচ্চ তাপমাত্রা ও প্রচণ্ড চাপে দীর্ঘ সময় ধরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়। সাধারণত কয়েক কিলোমিটার গভীরে এর উৎপত্তি হতে পারে। এতে প্রধানত মিথেন থাকে; পাশাপাশি ইথেন, প্রোপেন ও অন্যান্য হাইড্রোকার্বন থাকতে পারে। অনেক প্রচলিত প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে এই গ্যাস পাওয়া যায়।
বায়োজেনিক গ্যাস হচ্ছে, অণুজীব বা মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া জৈব পদার্থ ভেঙে এই গ্যাস তৈরি করে। তুলনামূলকভাবে অগভীর ভূস্তরে তৈরি হতে পারে। এতে সাধারণত মিথেনের পরিমাণ বেশি থাকে। জলাভূমি, পললভূমি ও সমুদ্রের তলদেশের পলিতে এ ধরনের গ্যাস তৈরি হতে পারে।
বাপেক্সের কর্মকর্তারা বলছেন, এখানে যদি শুধু বায়োজেনিক গ্যাস পাওয়া যেত, আগুনের তীব্রতা খুব অল্প সময়ে কমে আসত। দেশের বিভিন্ন জায়গায় গভীর এবং অগভীর নলকূপ খনন করতে গিয়ে এ ধরনের বায়োজেনিক গ্যাস পাওয়া যায়। কয়েক দিন আগুন জ্বলার পর তা এমনিতে নিভে যায়। এ ধরনের গ্যাসের চাপ খুব কম থাকে। বাণিজ্যিকভাবে এ ধরনের গ্যাস উত্তোলন লাভজনক হয় না। কিন্তু ইনানী এ ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে থার্মোজেনিক গ্যাস পাওয়া গেছে। গ্যাসের সঙ্গে কনডেনসেট উঠছে। কনডেনসেট গ্যাস ক্ষেত্রের এক ধরনের উপজাত, যা প্রক্রিয়া করে সব ধরনের জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব। ইনানীর গ্যাসে কনডেনসেট পাওয়া গেছে।
জানতে চাইলে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম বলেন, বাপেক্সের ল্যাবে পরীক্ষা করে ইনানীর গ্যাসে থার্মোজেনিক ও বায়োজেনিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বাপেক্স ইনানীতে ভূতাত্ত্বিক জরিপ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী এক মাসের মধ্যে সেখানে জরিপ কাজ শুরু হবে।
কেন ইনানী সম্ভাবনাময় : মিয়ানমারের বঙ্গোপসাগরের রাখাইন উপকূলে শ্বে গ্যাস ক্ষেত্র থেকে ইনানীর দূরত্ব ১৬০ থেকে ১৬৫ কিলোমিটার। শ্বে গ্যাস ক্ষেত্রে ৫ টিসিএফ মজুদ রয়েছে। শুধু মিয়ানমার নয়, ঠিক একই দিকে দিকে সরল রেখায় ত্রিপুরাতে গ্যাস আবিষ্কার করেছে ভারতীয় তেল-গ্যাস কোম্পানি ওএনজিসি। এখানে এক টিসিএফের মতো গ্যাস মজুদ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উপকূলে ভোলা থেকে নোয়াখালীর সুন্দলপুর পর্যন্ত গ্যাসের মজুদ পাওয়া গেছে। ইনানীর কাছে মহেশখালীতে গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। এ ছাড়া চট্টগ্রামের উপকূলে সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকেও এর আগে গ্যাস তোলা হয়েছে। ইনানীর চারপাশেই গ্যাসের মজুদ থাকায় এখানেও গ্যাস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা কী বলছেন : পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল ই ইলাহী বলেন, ১৯৭৫ সালে তিনি কক্সবাজারের ইনানী এলাকায় পেট্রোবাংলার তরফ থেকে জরিপ চালিয়েছিলেন। তিনি যতদূর মনে করতে পারেন, তখনো এখানে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব রয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছিল। তিনি বলেন, বাপেক্স তখনো গঠিত হয়নি। পেট্রোবাংলা থেকেই তেল-গ্যাস অনুসন্ধান করা হতো। তিনি বলেন, গবেষণাগারে থার্মোজেনিক গ্যাস পাওয়ার বিষয়টি লক্ষণীয়। মিয়ানমার শ্বে গ্যাস ক্ষেত্র, ত্রিপুরা এবং আমাদের ভোলা গ্যাস ক্ষেত্র থেকে সুন্দলপুর অবধি গ্যাস পাওয়া গেছে। ফলে এখানেও গ্যাস না থাকার খুব একটা কারণ নেই। এ জন্য এখানে আরও গভীরভাবে অনুসন্ধান করা জরুরি বলে মনে করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সুরমা বেসিনের ভূতাত্ত্বিক গঠন অনেকটা অর্ধবৃত্তাকার ও ভাঁজযুক্ত। উত্তর দিক থেকে ভারতীয় প্লেটের সঙ্গে পূর্ব দিকের আরাকান অঞ্চলে বার্মা প্লেটের সংঘর্ষের ফলে এ অঞ্চলে বিশেষ ধরনের ভূতাত্ত্বিক কাঠামো তৈরি হয়েছে। এ ধরনের কাঠামোতে গ্যাসের পাশাপাশি কনডেনসেট পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এ ছাড়া যে গভীরতায় গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে, তাতে এটি থার্মোজেনিক গ্যাস হওয়ার সম্ভাবনাই বেশি। এসব কারণে ইনানী এলাকায় গভীরভাবে অনুসন্ধান চালানো জরুরি বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা দেখে পরদিনই বাপেক্সকে খবর দেয় স্থানীয় প্রশাসন। যদিও আগুনের তীব্রতার কারণে প্রতিনিধিদলকে নমুনা সংগ্রহ করতে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে বাপেক্স। আর এই ফলাফলকেই আশাব্যঞ্জন বলা হচ্ছে।