সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট), রিটার্ন দাখিল ও সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে জারি করা তিনটি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো উত্থাপন করেন। অধ্যাদেশ তিনটি হলো সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। সংসদের অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশ তিনটি জারি করেন।
গত ২১ সেপ্টেম্বর জারি করা সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশে সরকারি ক্রয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি দরপত্রে অংশগ্রহণের যোগ্যতার পরিধি বাড়ানো, সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার সম্প্রসারণ এবং নতুন ক্রয়বিধি যুক্ত করা হয়েছে। নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং পিছিয়ে পড়া দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে না। যেমন-দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন বা আগে সরকারি কাজ করার অভিজ্ঞতা। তবে ক্রয়ের ধরন ও জটিলতার কারণে প্রয়োজন হলে এসব শর্ত দেওয়া যাবে।
গত ১৩ অক্টোবর জারি করা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশে ২০১২ সালের আইনের ৬৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর থেকে এটি কার্যকর ধরা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নিবন্ধিত, তালিকাভুক্ত অথবা নিবন্ধনের যোগ্য ব্যক্তিদের প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা কোম্পানি এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের জন্য সময়সীমা ২০ দিন নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে এনবিআর রিটার্ন জমার সময় বাড়াতে পারবে। তবে এ ক্ষেত্রে সুদ বা জরিমানা মওকুফ করতে পারবে না। মাসিক রিটার্নে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যও অন্তর্ভুক্ত করতে হবে। এনবিআর চাইলে ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে পারবে।
গত ১৯ অক্টোবর জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশে পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের কাঠামো তৈরি করা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের পাশাপাশি সৌরচালিত সেচপাম্প, হিমাগার, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন, চা-বাগান, ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিজমিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রকল্পও এর আওতায় আসবে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র এ অধ্যাদেশের আওতাভুক্ত নয়। অধ্যাদেশে বিনিয়োগের দুটি মডেল রাখা হয়েছে। অপারেটিং এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রাহকের স্থাপনায় নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে। বিনিময়ে চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ বা আয় থেকে নির্ধারিত অংশ পাবে। অন্যদিকে ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনে স্থাপন ও মালিকানা ধরে রাখবে।
বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা : মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে সময়মতো বিল না আসায় উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ভবিষ্যতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।’ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় পাস হওয়ার পর গতকাল সোমবার সংসদে বিল তুলতে চার মাস সময় লাগার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের গতকাল ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। এর আগে ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল প্রায় চার মাস আগে। আপনার নির্বাহী বিভাগ থেকে এই বিলটা কেন এত দিন পরে এলো, আমাকে বিশেষ ক্ষমতা ব্যবহার করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, কিন্তু এটা আগেও দু-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও নির্বাহী বিভাগ থেকে আইন বিভাগকে আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে সংসদ সদস্যরা বিলটা দেখতে পারেন না।’
ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্বাগত বক্তব্যে স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন ও বিচারবহির্ভূত হত্যাকা-ের মাধ্যমে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত করেছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুনভাবে সূচনা হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করার জন্য ৫ সদস্যের সভাপতিম-লী মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সংসদ সদস্য মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরা।
চার সংসদ সদস্যের মৃত্যুতে শোক : অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সাবেক চার সংসদ সদস্য, একজন সাবেক গণপরিষদ সদস্যসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার শোকপ্রস্তাব উত্থাপন করলে তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রয়াত সংসদ সদস্যরা হলেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এবং বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। দেশ-বিদেশে দুর্ঘটনায় নিহতদের প্রতিও সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
কারাগারে গাজী নজরুল : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাগারে রয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে রয়েছেন। স্পিকার ১৭২ বিধিতে পাওয়া নোটিসের সংশ্লিষ্ট অংশ ১৭৬ বিধি অনুসারে সংসদে পড়ে শোনান।