রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি এবং গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে ও সন্ধ্যার দিকে পৃথক ঘটনাগুলো ঘটে। এ ছাড়া দেশের তিন জেলায় গভীর রাতে ও ভোরে পৃথক পাঁচটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার সাভার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং বরগুনায় পার্কিং করে রাখা বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। যার মধ্যে রূপগঞ্জে অগ্নিসংযোগের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় একাধিক অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে এবং পূর্বে ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতরা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুনের খবরে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত এবং এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তেজগাঁও থানা পুলিশ।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হয়।
ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১৯ : গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আশরাফুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার ও রবিন নামে দুজনকে এবং সিএমএম কোর্টের সামনে থেকে মোটরসাইকেল ও ককটেলসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামপুর ও দারুস সালাম এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাজু আহমেদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গত বৃহস্পতিবার ক্যান্টনমেন্টে গলফ ক্লাবের সামনে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল হামলা চালানো হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ ৪ জন, ডিবি ৫ জন এবং এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া তুরাগ থানা পুলিশ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি মো. বিপ্লব খানকে গ্রেপ্তার করেছে।
দৈনিক দেশ রূপান্তরের সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
রাজধানীর মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ : রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে অবস্থিত একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ের ঠিক সামনে। এর কিছুক্ষণ পরই মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকের খবরও পাওয়া যায়নি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে গতকাল ফেলে রাখা আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ভোর সাড়ে ৫টায় চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে সজল মিয়া নামে এক ব্যবসায়ীর বাস দুটিতে আগুন দেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় একই এলাকার কাজলী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও আগুন ধরায় দুর্বৃত্তরা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দমকলকর্মীরা উভয় ঘটনার আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি। কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, ২-৩ মাস ধরে ফেলে রাখা বাস দুটিতে ইঞ্জিন বা কোনো গুরুত্বপূর্ণ মালামাল ছিল না। ঘটনাটি নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
সাভার : ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় রবিবার রাতে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রাত ১টার দিকে গেন্ডায় পোশাকশ্রমিকবাহী বাসে এবং ভোর ৪টার দিকে বলিয়ারপুরে ‘ইতিহাস পরিবহন’-এর বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নাশকতা থেকেই এ ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, সড়কের পাশে যত্রতত্র বাস পার্কিংয়ের সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিআরটিসি বাসে আগুন দেওয়ার সময় গুলিবর্ষণও করে। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
বরগুনা : বরগুনা পুলিশলাইনসের সামনে পার্কিং করা বিআরটিসির একটি বাসে গত রবিবার মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিদিনের মতো বাসটি পুলিশলাইনসের সামনের সড়কে রাখা ছিল। আগুন জ্বলতে দেখে পুলিশলাইনসের সদস্যরা দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। ফলে বাসটির কিছু অংশ পুড়লেও বড় ধরনের ক্ষতি হয়নি। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।