কেনা হচ্ছে ৪০০ এফইভি, আসছে নতুন প্রস্তাব

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

সরকার প্রশাসনিক প্রয়োজনে নতুন গাড়ি ব্যবহারে ডিজেল ও পেট্রোলের মতো জ¦ালানিনির্ভরতা থেকে ক্রমান্বয়ে বের হতে চায়। এ লক্ষ্যেই নতুন গাড়ি ক্রয়ে গত সেপ্টেম্বরে ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) মূল্যসীমা সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের আলোকে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন ৪০০ কার ও জিপ কেনার প্রস্তাবনা তৈরি করছে। আগামী এক মাসের মধ্যেই ওই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। এতে সরকারের ব্যয় বহুলাংশে সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গ্রেড-২ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জিপ ক্রয়ে প্রতি একটিতে ব্যয় সাশ্রয় হবে প্রায় ৯৪ লাখ টাকা।

সরকারি গাড়ির সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বিঘœ হচ্ছে এমন পরিস্থিতি বিবেচনায় গত জুনের আগেই প্রস্তাবিত ৪০০ গাড়ি কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু গত এপ্রিলে সরকার অপ্রয়োজনীয় বা স্বল্প প্রয়োজনীয় ব্যয় এড়াতে গাড়ি ক্রয়সহ সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের মতো বিষয়গুলো নিষিদ্ধ করেছিল। বাস্তবতা বিবেচনায় এর আগে সরকারি ব্যয়ে বিদেশে গমনের বিষয়ে শিথিল হয় সরকার। এখন সংকট নিরসনে নতুন গাড়ি ক্রয়ের ব্যাপারে ‘গ্রিন সিগনাল’ পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন বাজেট প্রস্তুতের কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র দাবি করে, এফইভি গাড়িতে ব্যবহৃত প্রযুক্তির স্থায়িত্ব ও গুণগত মান খতিয়ে দেখতে বাজার যাচাই করা হচ্ছে; যাতে বাস্তবসম্মত বাজেট উপস্থাপন করা যায়।

অর্থ মন্ত্রণালয় গত ১৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে এফইভি গাড়ি ক্রয়ে মূল্য সম্পর্কিত যে সীমা নির্ধারণ করে দেয় তাতে প্রতিটি কারের (প্রাইভেট কার) মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা (রেজিস্ট্রেশন খরচ, মূসক ও করসহ) । গ্রেড-২ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জিপ ক্রয়ে প্রতিটির মূল্যসীমা ৭৫ লাখ টাকা এবং গ্রেড-৩ ও তদনিম্ন কর্মকর্তাদের জন্য জিপ প্রতিটির মূল্যসীমা ৫৫ লাখ টাকা (উভয়ই রেজিস্ট্রেশন খরচ, মূসক ও করসহ)।

আগের প্রস্তাবে মূল্যসীমাসংক্রান্ত আগের প্রজ্ঞাপন অনুসরণ করা হয়েছিল। গত ৫ জানুয়ারি ২০২৬ জারিকৃত প্রজ্ঞাপনে প্রতিটি কারের (প্রাইভেট কার) মূল্যসীমা ছিল ৫৬ লাখ টাকা। গ্রেড-২ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জিপ ক্রয়ে প্রতিটির মূল্যসীমা ছিল ১ কোটি ৬৯ লাখ টাকা এবং গ্রেড-৩ ও তদনিম্ন কর্মকর্তাদের জন্য জিপ প্রতিটির মূল্যসীমা ৬৫ লাখ টাকা। এই প্রস্তাবটিই বর্তমানে ১৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী রিভিউ করা হচ্ছে।

নতুন প্রস্তাব অনুযায়ী সরকারের ব্যয় বহুলাংশে সাশ্রয় হবে। আগের ৫৬ লাখ টাকার স্থলে প্রতিটি কার ক্রয়ে ৫০ লাখ টাকা হওয়ায় সাশ্রয় ৬ লাখ টাকা। গ্রেড-২ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জিপ ক্রয়ে প্রতিটির নতুন মূল্যসীমা ৭৫ লাখ টাকা হওয়ায় আগের দর ১ কোটি ৬৯ লাখ টাকার চেয়ে ব্যয় কম হবে ৯৪ লাখ টাকা এবং গ্রেড-৩ ও তদনিম্ন কর্মকর্তাদের জন্য জিপ প্রতি মূল্য ৬৫ লাখের স্থলে ৫৫ লাখ টাকা হওয়ায় ব্যয় কমবে ১০ লাখ টাকা করে। 

ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বিশেষজ্ঞরা জানান, এফইভিতে ঝুঁকি ও অসুবিধার চেয়ে সুবিধা বেশি। এতে রয়েছে পাঁচ অসুবিধা ও ঝুঁকি। এক. গাড়ির মোট দামের বড় অংশ ব্যাটারির পেছনে ব্যয় হয়। দুই. পর্যাপ্ত চার্জিং স্টেশন না থাকলে দীর্ঘপথে চলাচল কঠিন হয়। তিন. প্রচলিত গাড়িতে কয়েক মিনিটে জ¦ালানি নেওয়া গেলেও ব্যাটারি চার্জ করতে বেশি সময় লাগে। চার. সময়ের সঙ্গে ব্যাটারির সক্ষমতা কমে যায়। একসময় ব্যাটারি প্রতিস্থাপনের প্রয়োজন হয়। পাঁচ. ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে বা তাপ নিয়ন্ত্রণব্যবস্থা ব্যর্থ হলে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। বন্যার পানিতে ডুবে যাওয়া বৈদ্যুতিক গাড়িও বিশেষ ঝুঁকিপূর্ণ।

অপরদিকে, বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে এফইভি নিয়ে আলোচনা শুধু পরিবেশ সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জ¦ালানি আমদানি, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবহন ব্যয়, শিল্পায়ন ও সরকারি ক্রয়নীতি জড়িত। বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাবনার যে কয়েকটি দিক রয়েছে তা হলো, এক. এফইভি ব্যবহার করলে দীর্ঘ মেয়াদে জ¦ালানি ব্যয় কমে, দুই. সরকারি অফিস, সচিবালয়, বিমানবন্দর ও সরকারি প্রতিষ্ঠানে চার্জিং স্টেশন স্থাপন করা সম্ভব, তিন. স্থানীয়ভাবে গাড়ি সংযোজন ও ব্যাটারি উৎপাদন শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে, চার. বিদ্যুতের উৎস নবায়নযোগ্য হলে পরিবেশগত সুফল আরও বাড়বে এবং পাঁচ. ডিজেল-পেট্রোলের ওপর নির্ভরতা কমবে।

২০২১ সালের অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-তে ইভি (ইলেকট্রিক ভেহিক্যাল) শিল্প বিকাশে বিভিন্ন প্রণোদনা ও চার্জিং অবকাঠামো সম্প্রসারণের কথা রয়েছে। এতে বলা হয়, ইভি এমন এক ধরনের মোটরযান, যা সম্পূর্ণ বিদ্যুতের শক্তিতে চলে। গাড়িতে পেট্রোল, অকটেন বা ডিজেল ব্যবহার করে ইঞ্জিন চালানোর প্রয়োজন হয় না। এর পরিবর্তে ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ দিয়ে বৈদ্যুতিক মোটর গাড়ির চাকা ঘোরায়।

২০২৫ সালেও অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির সংশোধনীতে ২০৩০ সালের মধ্যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কেনা গাড়ির অন্তত ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি করার লক্ষ্যের কথা উল্লেখ রয়েছে।

একটি এফইভি বা পূর্ণ বৈদ্যুতিক গাড়ির প্রধানত পাঁচটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। এক. ব্যাটারি প্যাক : বিদ্যুৎ সংরক্ষণ করে। এটি গাড়ির প্রধান শক্তির উৎস। দুই. ইলেকট্রিক মোটর : ব্যাটারির বিদ্যুৎ ব্যবহার করে গাড়ির চাকা ঘোরায়। তিন. ইনভার্টার : ব্যাটারির ডিসি বিদ্যুৎকে মোটরের প্রয়োজন অনুযায়ী এসি বিদ্যুতে রূপান্তর করে। চার. কন্ট্রোলার: গাড়ির গতি, শক্তি সরবরাহ ও মোটরের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। পাঁচ. চার্জিং সিস্টেম: বিদ্যুৎ গ্রিড বা চার্জিং স্টেশন থেকে ব্যাটারিতে বিদ্যুৎ সরবরাহ করে।

গাড়ি চলার সময় ব্যাটারির বিদ্যুৎ মোটরে যায়। চালক অ্যাক্সিলারেটরে চাপ দিলে মোটর প্রয়োজন অনুযায়ী শক্তি পায় এবং গাড়ি চলতে শুরু করে। দেশে চীন ও জাপান থেকে আমদানিকৃত ইভির পাশাপাশি স্থানীয় বেশ কিছু কোম্পানি ইভি তৈরি করছে। বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে বাংলাদেশে ইভি জনপ্রিয়তা পেতে শুরু করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত