প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে তুরস্ক যাচ্ছেন। কপ৩১ শীর্ষক এবারের এ সম্মেলনের সরকারপ্রধান পর্যায়ের অধিবেশন ১১ ও ১২ নভেম্বর দেশটির ভূমধ্যসাগর তীরবর্তী পর্যটননগর আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। এর বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে তুরস্কে জলবায়ু সম্মেলন ও দ্বিপক্ষীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কেও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিবেন্ডের সৌজন্য সাক্ষাতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সাক্ষাতের সম্ভাবনা আছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচিগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সাক্ষাতে দুই দেশের সামগ্রিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে। সম্মেলনের সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার-সংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরেরও পরিকল্পনা রয়েছে।
জাপানি কনসোর্টিয়ামের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহযোগী হিসেবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানের ক্ষেত্রে তুর্কি কোম্পানি ‘চেলেবি’-এর আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র সচিব বলেন, এ ধরনের বৈঠকে ওই নির্দিষ্ট প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা কম।
পররাষ্ট্র সচিব বলেন, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন।
তিনি জানান, বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে অবদান মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ (০.০৫) শতাংশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ অন্যরা সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার সকালে দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সম্মেলনের ‘গ্রিন জোন’-এ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনাকে তুলে ধরা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোন’-এ দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের লিঙ্গভিত্তিক ঝুঁকি এবং অন্যটিতে কৃত্রিম পলিমার-ভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।