টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা, আসামি ৯৫

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৭ এএম

কক্সবাজারের টেকনাফের লেদা ও রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচার ও অপহরণ চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার তিনটি পৃথক মামলা করা হয়েছে। টেকনাফ মডেল থানায় দায়ের করা এসব মামলায় রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এতে প্রধান আসামি করা হয়েছে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে। ইতিমধ্যে প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া মানব পাচার ও অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে। 

২০১৭ সালে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সংঘটিত ভয়াবহ গণহত্যা ও নৃশংস নির্যাতনের মুখে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে লাখ লাখ রোহিঙ্গা উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। এই মানবিক সংকটের পর থেকেই বদলে যেতে থাকে স্থানীয় পাহাড়ের দৃশ্যপট। যে পাহাড় ছিল একসময় স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের আয়ের প্রধান উৎস, বর্তমানে সেই পাহাড়ের ভেতরেই গড়ে উঠেছে সিন্ডিকেট করে মাদক পাচার, ‘মানুষ বেচাকেনা’ ও অপহরণের ভয়ংকর বাণিজ্য।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই অপরাধী চক্রের সঙ্গে রয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কানেকশন। চক্রের অনেক সদস্যই ‘আরাকান আর্মি’র পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল। তারাই এখন বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ে ঘাঁটি গেড়ে ও আধুনিক মারণাস্ত্র ব্যবহার করে একের পর এক অপরাধ করে চলেছে। অনুসন্ধান ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাহিনীগুলো সীমান্ত পার করে বা অপহরণ করে আনা মানুষকে পাহাড়ের গহিন বন্দিশালায় আটকে রেখে কেনাবেচা করে, স্থানীয় কৃষক, রাখাল এবং রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ মানুষকে অস্ত্রের মুখে অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ না পেলে নিরীহ মানুষগুলোর ওপরে চালানো হয় অমানুষিক নির্যাতন। সীমান্ত পার করে মিয়ানমার থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গ্রেনেড এবং বিপুল পরিমাণ ইয়াবা ও আইস (ক্রিস্টাল মেথ) দেশে প্রবেশ করে এদের হাত ধরেই। বাহিনীগুলো রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের স্থানীয়দের ঘরবাড়িতে রাতে হানা দিয়ে লুটপাট এবং ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। তারা এতটাই সংগঠিত যে, সাধারণ মানুষের নজর এড়িয়ে বন্দিদের নির্যাতন ও নিজেদের লুকিয়ে রাখার জন্য পাহাড়ের দুর্গম অঞ্চলে শত শত গোপন ঝুপড়ি ঘর ও টর্চার সেল তৈরি করেছে।

৫ নভেম্বর সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর চালানো অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয় এবং দুই জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়। পাহাড়ের এই অপরাধ চক্র উৎপাটনে যৌথ বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গত রবিবার রাতেও টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনী এক যৌথ অভিযান চালায়। অভিযানে কুখ্যাত ডাকাত সানাউল্লাহর বসতঘর থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। একই সঙ্গে পাহাড়ে অপহৃতদের আটকে রাখার জন্য তৈরি ২০ থেকে ৩০টি অস্থায়ী ঝুপড়ি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া এক জিম্মির বাবা মোহাম্মদ ফায়সাল জানান, ‘পাহাড়ে এখন সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। একজন কৃষক যখন নিজের জমিতে যেতে ভয় পান, রাখাল যখন গবাদি পশু চরাতে পারেন না, তখন তাদের আয়ের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকালে কাজের খোঁজে বের হয়ে মানুষ নিখোঁজ হচ্ছে, আর পাহাড়ের ভেতর থেকে আসছে লাখ লাখ টাকা মুক্তিপণের দাবি। টাকা দিতে না পারলে নেমে আসে অমানুষিক নির্যাতন।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগীর স্বজন বলেন, ‘যারা ফিরে এসেছেন তারা ভাগ্যবান, কিন্তু এই আতঙ্ক আমাদের আজীবন তাড়া করে বেড়াবে।’

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান অভিযান প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘লেদা ও রঙ্গিখালীর দুর্গম পাহাড়ের প্রায় ১০ কিলোমিটার ভেতরে গিয়ে আমরা তল্লাশি চালিয়েছি। অপরাধীদের আস্তানা ও ঝুপড়ি ঘরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাহাড়ের অপরাধ চক্রগুলোর সঙ্গে ওপার থেকে আসা সশস্ত্র চক্রের যোগসূত্র রয়েছে। গহিন পাহাড়ে অপহরণকারী ও মানব পাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক, অবৈধ অস্ত্র ও মানুষ পাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। যতদিন এই অপরাধ চক্র সক্রিয় থাকবে, ততদিন আমাদের এই যৌথ সাঁড়াশি অভিযান চলমান থাকবে।’

টেকনাফের পাহাড় শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি এই অঞ্চলের মানুষের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের অভিমত, পাহাড়কে আবার নিরাপদ করতে হলে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগাযোগ আরও নিবিড় করতে হবে। একই সঙ্গে, এই গহিন পাহাড়ে গড়ে ওঠা মানব পাচার চক্রের অর্থায়ন ও তাদের নেপথ্যের সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।.

সর্বশেষ সর্বাধিক পঠিত