আমার দুইটা ছেলে। ১০ বছর বয়সী বড় ছেলেটা পড়াশোনায় ভালো ছিল। স্বপ্ন ছিল হাফেজ বানাব। আগামী রমজানে মাদ্রাসায় ভর্তি করানোরও পরিকল্পনা ছিল। আর ১০ মাস বয়সী ছেলেটা সুস্থ সবলই ছিল। ডেঙ্গু, হাম আর নিউমোনিয়ায় দুই দিনের ব্যবধানে আমার দুইটা ছেলেই মারা গেল। ভাই, আমাদের তো সব শেষ। আমরা এখন কী নিয়ে বাঁচব? গতকাল সোমবার দুপুরে নগরীর হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বাসার নিচে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন একটি ওষুধ কোম্পানির কর্মচারী মোহাম্মদ কবির। মাত্র দুই দিনের ব্যবধানে মারা গেছে তার দুই ছেলে। গত রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাসের ছোট্ট মোহাম্মদ আবু বক্কর আরব। এর আগে গত শুক্রবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরবের বড় ভাই, ১০ বছরের শিশু নুর মোহাম্মদ আরাফাত। দুজনেরই ডেঙ্গু শনাক্ত হয়েছিল। পাশাপাশি হাম ও নিউমোনিয়ার জটিলতা দেখা দেওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।
চার হাসপাতাল ঘুরেও বাঁচানো যায়নি দুই ছেলেকে : দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চক্কর কেটেছেন মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতি। চার চারটি হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারেননি কলিজার টুকরো দুই সন্তানকে। স্বজনরা জানান, ১৫-২০ দিন আগে কবিরের বড় ছেলে আরাফাত জ¦রে আক্রান্ত হয়। প্রথম দিকে বাসাতেই তার চিকিৎসা চলছিল। পরে জটিলতা দেখা দিলে তাকে প্রথমে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নেওয়া হয় সাউদার্ন হাসপাতালে। সেখান থেকে আরাফাতকে স্থানান্তর করা হয় ইমপেরিয়াল হাসপাতালে। তবে আর্থিক সংকটে সেখানে রেখে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় পরে তাকে ভর্তি করা হয় মা-শিশু জেনারেল হাসপাতালে। বড় ভাইয়ের অসুস্থতার কয়েক দিন পরে অসুস্থ হয় ছোট ভাই আরব। তাকেও সাউদার্ন ও মেরিন সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ভর্তি করা হয় মা-শিশু হাসপাতালে। সেখানে দুই ভাইয়ের একসঙ্গে চিকিৎসা চলছিল। এর মধ্যে গত শুক্রবার সকালে মারা যায় আরাফাত। ওই দিন বিকেলে মোমেনবাগ আবাসিক এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাসপাতালে তখন ছোট ছেলে আরব নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় ছোট্ট আরব। গত রবিবার রাত ১টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বড় ভাইয়ের পাশেই খুঁড়ে রাখা ছোট কবরে শুইয়ে দেওয়া হয় আরবকে। দুই ভাই এখন পাশাপাশি মাটির ঘরে চিরনিদ্রায় শায়িত।
দুই ছেলে হারিয়ে পাগলপ্রায় মা : দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন সম্পূর্ণ নিঃস্ব বাবা মোহাম্মদ কবির ও মা আমেনা বেগম। গতকাল দুপুরে দেখা যায়, ছেলেদের কথা বলে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা আমেনা বেগম।
সকালে আরবের নিথর দেহ কাফনে মুড়িয়ে শেষবারের মতো বাসায় নেওয়া হয়। কিন্তু যার কোলে তার ওঠার কথা ছিল, সেই মা আমেনা বেগম সন্তানের কাছে যেতে চাইলেন না। তিনি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, আর বিড়বিড় করে অসংলগ্ন কথা বলছিলেন। মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল মোহাম্মদ কবির বলেন, আমার স্ত্রী পাগলপ্রায়। আরবকে দাফনের জন্য আনার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। বড় ছেলের মৃত্যুর পর থেকেই সে চুপচাপ। এখন একেবারেই ভেঙে পড়েছে।
কবিরের ভাগিনা মো. নোমান বলেন, মামি অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিছুক্ষণ কান্নাকাটি করেন। আবার অন্যরকম আচরণ করেন। এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
স্কুলে শোকাবহ পরিবেশ : নুর মোহাম্মদ আরাফাত তাদের ভাড়া বাসার অদূরেই হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গতকাল দুপুরে স্কুলে গিয়ে দেখা যায়, ফটকে ঝুলছে একটি শোক ব্যানার। শিক্ষকরা জানান, আরাফাত চলতি বছরই স্কুলটিতে ভর্তি হয়। তাই রোল নম্বর শেষের দিকে ছিল। তবে গত দুইটি পরীক্ষায় সে বেশ ভালো ফলাফল করেছে।
প্রধান শিক্ষক রোখসানা আক্তার বলেন, আরাফাত মেধাবী ছিল। সেই সঙ্গে একটু চঞ্চল প্রকৃতির হলেও দুষ্টুমি করত না। ঝটপট প্রশ্নের উত্তর দিতো। তার এভাবে চলে যাওয়া কষ্টের।