১২ দফা দাবিতে অটোরিকশা চালকদের সমাবেশ

উধাও রিকশা ভোগান্তিতে নগরবাসী

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ এএম

১২ দফা দাবি আদায়ে সমাবেশ করেছেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা। গতকাল সোমবার রাজধানীর পল্টনে সমাবেশ ও সড়ক অবরোধ করেন তারা। সমাবেশ শেষে চালকরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন। পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধিদল পাঠানো হয়। এদিকে কর্মসূচিতে অংশ নিতে চালকদের বাধ্য করা এবং সমাবেশে না আসা চালকদের রিকশার ব্যাটারির তার কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সমাবেশ ও অবরোধের কারণে পল্টনসহ আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন এলাকায় রিকশা চলাচল কমে যাওয়ায় বিকল্প যানবাহনের সংকটে পড়েন যাত্রীরা। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

গতকাল সকাল ১০টার পর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা। সেখানে ১২ দফা দাবি জানিয়ে সেøাগান দেন। এতে পল্টন, গুলিস্তান, মতিঝিলসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, ধনী ও সম্পদশালীদের স্বার্থে আইন তৈরি করে রিকশা শ্রমিকসহ গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না। শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে দুপুর ১টায় বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে পৌঁছান ব্যাটারিচালিত রিকশা চালকরা। এ সময় সচিবালয়ের প্রবেশপথে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। পরে স্মারকলিপি নিয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেন।

উধাও রিকশা, বিপাকে মানুষ : এদিকে টানা তিন দিনের ছুটি শেষে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন অনেক সড়ক থেকে প্রায় উধাও হয়ে যায় ব্যাটারিচালিত রিকশা। চালকরা সমাবেশে অংশ নেওয়ায় সকালে রিকশা না পেয়ে বিপাকে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায় যেখানে সাধারণত যাত্রীর অপেক্ষায় ব্যাটারিচালিত রিকশার জটলা থাকে, সেখানে দেখা যায় প্যাডেলচালিত রিকশা ও মোটরসাইকেল। কোথাও কোথাও রিকশার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।

মোহাম্মদপুরের বাঁশবাড়ি সড়কে মেয়েকে নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্যাডেলচালিত রিকশায় আসাদ অ্যাভিনিউয়ের ওয়াইডব্লিউসিএ স্কুলে পৌঁছান বেসরকারি চাকরিজীবী মিলন কাজী। অন্যদিকে, মগবাজারের মধুবাগ থেকে প্রতিদিন অটোরিকশায় মগবাজার মোড়ে গিয়ে বাসে পুরান ঢাকায় যান ব্যাংকার আলী হায়দার। গতকাল রিকশা না পেয়ে তিনি অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল ডাকলেও প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাকে। আরও কয়েকটি এলাকা ঘুরে যাত্রীদের এমন হয়রানির চিত্র দেখা যায়।

কামরাঙ্গীরচরের রিকশাচালক খলিল মিয়া জানান, সমাবেশে অংশ নিতে দুই দিন ধরে এলাকায় মাইকিং ও গ্যারেজে গ্যারেজে লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি একটি লিফলেটও দেখান। এতে লেখা ছিল, রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।

সমাবেশে না যাওয়ায় অটোরিকশার তার ছিঁড়লেন আন্দোলনকারীরা : সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব এলাকায় সমাবেশে অংশ না নেওয়ায় সড়কে অটোরিকশা চালানোয় বাধার মুখে পড়েন কয়েকজন চালক। সমাবেশে যোগ না দেওয়া চালকদের কয়েকটি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দেন আন্দোলনকারীদের কেউ কেউ। এতে চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়। এমন পরিস্থিতি দেখে অনেক চালক দূর থেকেই অটোরিকশা ঘুরিয়ে চলে যান।

সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাবের সামনে সমাবেশ চললেও আশপাশের সড়কে অটোরিকশা চলছিল। এ সময় সমাবেশে যোগ না দিয়ে রিকশা চালানোয় কয়েকজনকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাদের অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে ফেলা হয়। তবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, শুধু তাদেরই আহ্বান জানানো হয়েছে।

এদিকে সমাবেশ ও সড়ক অবরোধের কারণে পল্টন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিলসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। শান্তিনগর থেকে পল্টন পর্যন্ত সড়কে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। অনেক যাত্রী বাস থেকে নেমে পল্টন ও গুলিস্তানের অংশ হেঁটে পাড়ি দেন। কেউ কেউ গুলিস্তানের যানজট এড়িয়ে হেঁটে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে গিয়ে বাসে ওঠেন। দুপুর ১টার দিকে সমাবেশ শেষ হলে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সমাবেশে দাবি তোলা ১২ দফা হলো ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন; বিআরটিএর মাধ্যমে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও বৈধ কাগজপত্র প্রদান; চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ; নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার টাকা করা এবং কাগজপত্র করার জন্য দুই বছর সময় দেওয়া; শ্রমিকদের হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ; বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক মিটারের সংযোগ বন্ধ না করা; নীতিমালা প্রণয়নে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা; সড়কে লেন, সার্ভিস লেন, স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ; শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার; জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি; নতুন শর্তে ট্রেড লাইসেন্স প্রদান; সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ ১ লাখ টাকা ঋণ; শ্রমিকদের রেশন সুবিধা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া, গাড়ির জমা ও চার্জ কমানো; পাশাপাশি ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা ও চালকদের শারীরিক শ্রমের বোঝা কমানো।

সর্বশেষ সর্বাধিক পঠিত