সন্তানের চিকিৎসা করাতে এসে সর্বস্ব হারাল পরিবারটি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম

ব্রেনে ভাইরাসজনিত রোগে আক্রান্ত সাত মাস বয়সী সন্তান মোহাম্মদ উল্লাহকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছিলেন বাবা হাফেজ মাওলানা আব্দুল মোতালেব। গত ২৯ অক্টোবর শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। একদিকে অসুস্থ সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে হাসপাতালের ওয়ার্ডে দিনরাত কাটানোর ক্লান্তি- সব মিলিয়ে কঠিন সময় পার করছিলেন মোতালেব, তার স্ত্রী বিবি আমেনা ও মোতালেবের ছোট ভাই। এর মধ্যে ১০ দিনে তিন দফায় তাদের টাকা, মুঠোফোন, চার্জার ফ্যান ও জামাকাপড় চুরি হয়েছে। এখন নিজের পরনের কাপড়টুকু ছাড়া পরিবারের আর কিছুই অবশিষ্ট নেই। এতে মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবারটি।

শুধু আব্দুল মোতালেবের পরিবার নয়, ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহু রোগী ও তাদের স্বজনকে নিয়মিত চুরির শিকার হতে হচ্ছে। মুঠোফোন, মানিব্যাগ, টাকা, জামাকাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র খোয়া যাচ্ছে হরহামেশা। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের দুর্বল নিরাপত্তাব্যবস্থা, আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলা ও নজরদারির ঘাটতিতে চুরির ঘটনা ঘটছে। রোগীর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসংক্রান্ত কাজে স্বজনেরা যখন ওয়ার্ডের বাইরে ছোটাছুটি করেন, তখন তাদের অসতর্কতার সুযোগ নিচ্ছে চোরেরা। অথচ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের তৎপরতা ও কার্যকর নজরদারি চোখে পড়ে না বলে অভিযোগ রয়েছে। চুরির পর নিরাপত্তাকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। তবে শাহবাগ থানা পুলিশের তথ্যমতে, শাহবাগ থানায় গড়ে প্রতিমাসে দেড় শতাধিকের বেশি হারানো জিডি হয়। এর মধ্যে ঢামেক হাসপাতাল থেকে খোয়া গেছে, এমন জিডির সংখ্যাই বেশি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, হাসপাতালে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এরপরও চুরির ঘটনা ঘটছে। আনসার সদস্যদের আরও সতর্ক ও সক্রিয় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী আব্দুল মোতালেব জানান, তার স্ত্রী অসুস্থ সন্তানকে নিয়ে ওয়ার্ডে থাকেন। আর তিনি ও তার ছোট ভাই ওয়ার্ডের সামনের বারান্দায় বিছানা পেতে রাত কাটান। গত ২ নভেম্বর তার ছোট ভাই গোসল শেষে ভেজা জামাকাপড় হাসপাতালের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে একটি ফাঁকা জায়গায় রোদে শুকাতে দেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন, সব জামাকাপড় চুরি হয়ে গেছে। পরে জানতে পারেন, এর আগেও ও পরে আরও কয়েকজন রোগীর স্বজনের জামাকাপড় চুরি হয়েছে। পরদিন ৩ নভেম্বর ওয়ার্ডের সামনেই ঘুমিয়ে ছিলেন মোতালেব। ৪ তারিখ ভোরে ঘুম থেকে উঠে দেখেন, পকেটে থাকা অ্যান্ড্রয়েড মুঠোফোনটি নেই। মাথার পাশে রাখা চার্জার ফ্যানটিও চুরি হয়েছে। এ ঘটনায় পরদিন শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরপর দুইবার চুরির পর সতর্ক হন তারা। এর মধ্যে শিশুটিকে পিআইসিইউ নেওয়া হলে ৫ নভেম্বর থেকে সেখানে রাত কাটাতে শুরু করেন মোতালেব ও তার স্ত্রী। স্ত্রীর ভ্যানিটি ব্যাগে মুঠোফোন ও টাকা-পয়সা রেখে ব্যাগটি গলায় পেঁচিয়ে ঘুমাতেন বিবি আমেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গত শনিবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন, ভ্যানিটি ব্যাগটি নেই। অনেক খোঁজাখুঁজির পর নিচতলার একটি ফাঁকা জায়গায় ব্যাগটি পাওয়া গেলেও ভেতরে থাকা মুঠোফোন ও টাকা-পয়সা পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেন মোতালেব। চরম অসহায়ত্ব নিয়ে মোতালেব বলেন, ‘টানা তিন-চার মাস ধরে বাচ্চাটাকে নিয়ে গ্রামের বাড়ি ভোলার মনপুরা থেকে ঢাকায় দৌড়াদৌড়ি করছি। তিনটি হাসপাতাল ঘুরে ঢামেকে ভর্তি করিয়েছি। বাচ্চার অবস্থাও ভালো না। দুইবার পিআইসিইউতে নিতে হয়েছে। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার ওষুধ লাগে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে চিকিৎসা চালাচ্ছি। এমন আর্থিক সংকট ও মানসিক দুশ্চিন্তার মধ্যে তিনবার আমাদের টাকা-পয়সা, মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই নেই।’ মোতালেব আরও বলেন, তার ঘটনার পর হাসপাতালের অনেক রোগীর স্বজনই তাদের মুঠোফোন ও জামাকাপড় চুরির কথা জানিয়েছেন। কিন্তু তারা কার কাছে অভিযোগ করবেন, কাকে দায়ী করবেন-তা বুঝতে পারেন না। অধিকাংশ স্বজনই অসুস্থ রোগী, বিশেষ করে শিশুদের চিকিৎসা নিয়ে এতটাই ব্যস্ত ও উদ্বিগ্ন থাকেন যে, চুরির ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার সময় বা মানসিক শক্তি পান না। কেউ কেউ হারানো জিনিসের বিষয়ে জিডি করলেও মামলা পর্যন্ত করেন না।

একই ওয়ার্ডে ভর্তি রোগী ইয়ামিন রহমানের বাবা আব্দুর রহমান জানান, গত ৩ নভেম্বর তিনি ও তার স্ত্রীর ভেজা জামাকাপড় রোদে শুকাতে দিয়েছিলেন। ঘণ্টাখানেক পর দেখেন, সব কাপড় চুরি হয়ে গেছে। এমনিতেই আর্থিক টানাপোড়েনের মধ্যে সন্তানের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তারা। এর মধ্যে নতুন করে লুঙ্গি ও স্ত্রীর জন্য শাড়ি কিনতে হয়েছে। তবে চুরির ঘটনায় থানা-পুলিশের ঝামেলায় জড়াতে চাননি। তাই মামলা বা জিডি করেননি তিনি। 

গত সপ্তাহেই হাসপাতালের প্রশাসনিক ভবনের ফ্লোর থেকে এক ব্যক্তির মুঠোফোন চুরির ঘটনা ঘটে বলে জানান এক কর্মকর্তা। তিনি বলেন, পরিচালকের কক্ষের সামনে অপেক্ষা করছিলেন এক রোগীর স্বজন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি ফোনে কথা বলার কথা বলে তার মুঠোফোনটি চান। সরল বিশ্বাসে ওই স্বজন ফোনটি তার হাতে দেন এবং পাশেই দাঁড়িয়ে থাকেন। কিন্তু কৌশলে মুঠোফোনটি নিয়ে সটকে পড়েন ওই ব্যক্তি। পরে ভুক্তভোগী স্বজন তাদের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন। একই সঙ্গে চোরকে শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানোর অনুরোধ জানান।

কথা হয় কয়েকজন রোগীর স্বজনের সঙ্গে। তারা জানান, ভোরে চুরির ঘটনা বেশি ঘটে। অদৃশ্য কারণে তখন আনসাররাও দায়িত্ব পালন করেন না। পিআইসিইউ ওয়ার্ডের সামনে এক স্বজন জানান, গত সপ্তাহেই এক মহিলাকে অচেতন করে তার নাকে ও কানে থাকা স্বর্ণালংকার নিয়ে যায় চোরচক্র। পরে ওই নারী পরিচালকের কক্ষে গিয়ে কান্না করেন। সেখানে তাকে বলা হয়, ‘এখানে কান্না করার জায়গা না। আমরা তো বলে দিয়েছি, যার যার মালামাল তার তার তত্ত্বাবধানে রাখতে। চুরি হলে আমাদের কিছু করার নেই।’ পরে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীর ওষুধ কিনতে ওই মহিলার জন্য ১০/২০ টাকা করে তোলা হয়।

ঢামেক হাসপাতালের আনসার ক্যাম্পের কমান্ডার মো. সাহাদাৎ হোসেন দেশ রূপান্তরকে বলেন, আনসার সদস্যরা সার্বক্ষণিক সক্রিয় থেকে দায়িত্ব পালন করেন। এরপরও বোরকা পরে কিংবা রোগীর স্বজনের ছদ্মবেশে কিছু চোর হাসপাতালে প্রবেশ করে। সুযোগ বুঝে তারা চুরির ঘটনা ঘটায়। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে আটক করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। তবে জামাকাপড় চুরির ঘটনা শুনিনি।

কয়েক দিন হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার, চানখাঁরপুল, মর্গ ও কলেজ গেটের আশপাশে ভাসমান ছিন্নমূল মানুষ ও মাদকাসক্তদের অবাধ আনাগোনা। বুয়েটের বিপরীত পাশ দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রবেশের গেটসংলগ্ন ফুটপাতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলে। সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের ভিড় বাড়ে। অভিযোগ রয়েছে, শহীদ মিনারকেন্দ্রিক টোকাই ও চোর চক্রের সদস্যরা হাসপাতাল থেকে জামাকাপড়সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। পরে সেগুলো বিক্রি করে মাদক সেবন করে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রতিটি প্রবেশপথ ও ওয়ার্ডে আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও তাদের সামনেই ভাসমান চা-কফি ও চানাচুর বিক্রেতারা অবাধে ঘুরে বেড়ান। হাঁকডাক দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পণ্য বিক্রি করেন তারা। এসব বিক্রেতার সঙ্গে কয়েকজন আনসার সদস্যের সখ্যও চোখে পড়েছে। তাদের কাছ থেকে বিনা মূল্যে চা-কফি ও চানাচুর খেয়েও বিক্রিতে বাধা দেন না আনসার সদস্যরা। এসব বিক্রেতার কেউ কেউ দিনের বেলায় পণ্য বিক্রির আড়ালে হাসপাতালের বিভিন্ন স্থানে রেকি করেন, পরে রাতে চুরিতে জড়ান। হাসপাতালের চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারী জানান, হাসপাতালের ভেতরে একাধিক চোর চক্র সক্রিয়। এসব চক্রের সদস্যরা রোগীর স্বজনের ছদ্মবেশে দিন-রাত ওয়ার্ডে ঘুরে চুরি করে। তাদের মধ্যে নারী সদস্যও রয়েছে। আনসার সদস্যদের একাংশকে ও তাদের কয়েকজন স্টাফকে ম্যানেজ করে এসব চক্রের সদস্যরা হাসপাতালে অবাধে চলাফেরা ও চুরির সুযোগ পায়। আগে বাচ্চা চুরির ঘটনা ঘটলেও এখন কমেছে। বর্তমানে মোবাইল, টাকা-পয়সা ও জামাকাপড় চুরির ঘটনা বেশি ঘটছে। 

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, প্রায়ই ঢামেক হাসপাতাল থেকে চোর আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ, আনসার ও ফাঁড়ি থেকে থানায় হস্তান্তর করা হয়। চোরদের সাথে সাথে ভ্রাম্যমান আদালতে দিয়ে দেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজাপ্রদান করেন। মোবাইল চুরি সংক্রান্ত মামলা ও হারানো জিডিও বেশ হয়ে থাকে। বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট থেকেও চোরদের আটক করে থানায় হস্তান্তর করা হয়। তবে ঢামেক হাসপাতালের মতো অতো বেশি না। ঢামেকে যে যার মতো ঢোকার সুযোগ থাকায় সেখানে চুরির ঘটনা বেশি বলেও মনে করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত