রেখাকণ্ঠ কাঠঠোকরা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ এএম

এ বছরের ৬ অক্টোবর বিকেলের ঘটনা। গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের তৃতীয় বর্ষ বিএস (ফরেস্ট্রি)-এর ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের পাখি-প্রাণী চেনাতে ক্যাম্পাসময় ঘুরে বেড়াচ্ছি। বিভাগ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে হাঁটতে হাঁটতে আমলকী বাগানের সামনে এলাম। বাগানের সীমানা প্রাচীরের পাশের একটি গাছের ওপর গজানো পরগাছার টকটকে লাল ফুলে হঠাৎ একটি ক্ষুদ্র পাখি এসে বসল। এর চেয়ে ছোট্ট পাখি এদেশে আর একটিও নেই! পাখিটির নাম ছোট ফুলঝুরি। দেশের ক্ষুদ্রতম পাখিটির দেখা পেয়ে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দ পেল। এরপর আমলকী বাগান ছেড়ে মাৎস্য বিজ্ঞান অনুষদের হ্যাচারির সামনে দিয়ে হাঁটা দিলাম। বাম পাশে খামারের কলা বাগান। এখানেও পাখি আছে বেশ। হ্যাচারি পেরিয়ে কলা বাগানের শেষ প্রান্তে যখন এলাম তখন বিকেল ৪টা বেজে ৩ মিনিট ৪৬ সেকে-। গলা-বুকে রেখাযুক্ত জলপাই রঙের একটি পাখি কোত্থেকে উড়ে এসে বাগানের সীমানার একটি মরা গাছে বসে ঠোকরাতে শুরু করল। মাথায় যেন সে কালো টুপি পরে আছে। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে দ্রুত কটি ক্লিক করলাম। মাত্র ১৭ সেকে- সময় দিয়ে পাখিটি পালাল। এর মধ্যেই যতটা সম্ভব ছবি তোলার তুলে নিলাম। কালো টুপি পরা পাখিটি ছিল স্ত্রী।

ঠিক ১১ দিন পর ১৭ অক্টোবর একই প্রজাতির একটি পাখিকে দেখলাম কুয়াকাটা সমুদ্রসৈকতের দোলনা পয়েন্টের পাশে লেম্বুর বনে, একটি মরা গাছে। গাছের কান্ড ঠুকে পোকা বের করে খাচ্ছিল সে। তবে দেখতে হুবহু এক রকম হলেও ওর মাথার টুপিটি ছিল টকটকে লাল। কারণ, সেটি ছিল একটি পুরুষ পাখি। সকাল ৭:২০ থেকে ৭:২৪ পর্যন্ত প্রায় চার মিনিট সময় দিয়েছিল সে। আর এর মধ্যেই ওর বেশকিছু ছবি তুললাম এবং ভিডিও করে নিলাম। এরপর নতুন পাখির সন্ধানে বনের আরও ভেতরে ঢুকে গেলাম।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুয়াকাটায় দেখা পাখি দুটি এদেশের সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি রেখাকণ্ঠ কাঠঠোকরা। চিত্রিতগলা বা সবুজডোরা কাঠঠোকরা নামেও পরিচিত। পশ্চিমবঙ্গে বলে সবুজ কাঠঠোকরা। ইংরেজি নাম Streak-throated Woodpecker| । পিসিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Picus xanthopygaeus। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রজাতিটি বিস্তৃত।

প্রাপ্তবয়স্ক পাখির গড় দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার। ওজন ৮৩-১১১ গ্রাম। মাথা ও পিঠ হলুদাভ-সবুজ। চোখের ওপরে সুস্পষ্ট সাদা ভ্রু-রেখা ও অস্পষ্ট গোঁফ-রেখা দেখা যায়। গাল সবুজাভ-ধূসর। গলা ও ঘাড় গাঢ় জলপাই ছিটছোপে চিত্রিত। পেটে গাঢ় জলপাই আঁশের মতো থাকে। দেহতল ফ্যাকাশে। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম হলেও স্ত্রীর মাথার চাঁদি কালো ও পুরুষেরটা লাল। চোখ ফ্যাকাশে পাটল বর্ণের। ওপরের চষ্ণু হলদে-ধূসরাভ ও নিচেরটা ফ্যাকাশে হলুদাভ। পা, পায়ের পাতা ও আঙুল কালচে-ধূসর। অপ্রাপ্তবয়স্ক পাখির কাঁধ-ঢাকনি ও ডানা-ঢাকনির পালকের গোড়া ধূসর।

রেখাকণ্ঠ কাঠঠোকরা ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের গাছপালাসমৃদ্ধ এলাকা ও পাতাঝরা বনে একাকী বা জোড়ায় বিচরণ করে। গাছের কা- আঁকড়ে ধরে বা মাটিতে লাফিয়ে লাফিয়ে পিঁপড়া, উইপোকা, এদের ডিম ও রসালো শূককীট ইত্যাদি খায়। এ ছাড়া ফুলের নির্যাস ও তাল-খেজুরের রসও পান করে। তীক্ষè স্বরে ‘কুউইম্প---’ শব্দে ডাকে।

জানুয়ারি থেকে জুন প্রজননকাল। পূর্বরাগের সময় পুরুষ পাখি বাঁশ বা গাছের ফাঁপা ডালে চঞ্চু দিয়ে আঘাত করে ড্রামের মতো শব্দের সৃষ্টি করে স্ত্রী পাখিকে আকর্ষণ করে। গাছের ঊর্ধ্বমুখী শাখার নিচের দিকে গর্ত খুঁড়ে বাসা বানায়। স্ত্রী তাতে ৩-৫টি সাদা রঙের ডিম পাড়ে। ডিম ফোটে ১২-১৫ দিনে। মা-বাবা উভয়েই ছানাদের যতœ নেয়। ছানারা ১৮-৩০ দিনে উড়তে শিখে। আয়ুষ্কাল ৫-৬ বছর।

লেখক : পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ।

সর্বশেষ সর্বাধিক পঠিত