নিষেধের পরও থামেননি বেপরোয়া চালক, বাস উল্টে নিহত তিনজন

বিভিন্ন এলাকায় আরও নিহত ৪

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম

লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৫ জন। চালক বেপরোয়া গতিতে বাসটি চালান। যাত্রীরা তাকে নিষেধ করার পরও তিনি শোনেনি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে তিনজন মারা যান এবং ২৫ জন আহত হন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পৃথক দুর্ঘটনায় আরও চারজন মারা গেছেন। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যায়। এতে তিনজন মারা যান। নিহতরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের স্ত্রী মানসুরা বেগম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুর মোহাম্মদের ছেলে বাবুল ও রামগতির আশিক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা ও হাতে জখম পাওয়া আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি থামাননি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। বাসটি বেপরোয়া গতিতে ছিল। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ২৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী নিহত : গোপালগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি শহরের ব্যাংকপাড়া এলাকার পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে। সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা মাদ্রাসার সামনে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা সারজিলকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে ৪০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রিফাত মিয়া। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শিশুটির মা রিয়া মনি সন্তানের চিকিৎসার জন্য কোটালীপাড়ায় আসেন। পরে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে সন্তানকে দেখার জন্য ওড়না সরাতে গিয়ে একপর্যায়ে তার বোরকাটি ভ্যানের চাকায় আটকে যায়। এতে সন্তানসহ তিনি ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। তখন পেছন থেকে আসা একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। শিশুটিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্রাকের পেছনে ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর : সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান যাত্রী ব্যবসায়ী উজ্জ্বল শীল (৪২)। এ ঘটনায় তার মেয়ে ও অটোচালক গুরুতর আহত হয়েছেন। গত রবিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট এলাকায় মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল শীল ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীলবাড়ি এলাকার বিভূতিভূষণ শীলের ছেলে। ফকিরহাট বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন তিনি।

কুড়িগ্রামে অটো যাত্রী নিহত : কুড়িগ্রামে মোটরসাইকেল-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মজিদ আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মজিদ আলী নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা। জানা যায়, রাজারহাট থেকে কুড়িগ্রামগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মজিদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত