রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও অপারেশনাল অ্যাপ্রোন এলাকায় দীর্ঘ প্রায় এক যুগ ধরে পড়ে আছে ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ। এগুলো এখন অ্যাভিয়েশন খাতের গলার কাঁটায় পরিণত হয়েছে। রোদবৃষ্টিতে নষ্ট হওয়া হাজার কোটি টাকার এসব এয়ারক্রাফট আর উড্ডয়নের উপযোগী নয়। বর্তমানে এগুলো ‘স্ক্র্যাপ’ বা ভাঙারিতে রূপ নিয়েছে। তাই সেগুলো বিক্রির মাধ্যমে বিমানবন্দর চত্বর জঞ্জালমুক্ত করার পদক্ষেপ নিয়েছে বেবিচক। এতে সায় দিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রালয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দীর্ঘ আইনি লড়াই ও প্রচেষ্টার পর গত রবিবার এ বিষয়ে নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। আগামী এক মাসের মধ্য দরপত্র আহ্বান করে ভাঙারি হিসেবে বিক্রি করে দিতে বলেছে মন্ত্রণালয়। লক্ষ্য একটাই যাতে এই লোহালক্কড় বিক্রি করে কিছুটা হলেও সরকারি পাওনা আদায় করা যায় এবং বিমানবন্দরের মূল্যবান জায়গা উদ্ধার করা সম্ভব হয়।
বেবিচকে হতাশার পাহাড় : অ্যাপ্রোন এলাকায় জায়গা দখল হওয়ায় বিমানবন্দরটির অপারেশনাল কাজে ব্যাঘাত ঘটছে। চারটি কোম্পানির কাছে বেবিচক ৪ হাজার কোটি টাকা পাওনা থাকলেও পরিশোধ দূরে থাক মালিকদের ধারে-কাছেও যেতে পারছে না সংস্থাটি। অন্যদিকে উড়োজাহাজগুলো বিক্রি করতে দেশি-বিদেশি ক্রেতা খুঁজেও পাওয়া যায়নি। অনেকটা হতাশ হয়ে গত ১৬ জুলাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দেয় বেবিচক। চিঠিতে বলা হয়েছে ‘ক্রেতা না পেলে উড়োজাহাজগুলো ওজন দিয়ে বড় কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই’।
জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, উড়োজাহাজগুলো বিক্রির জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছি। বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে। অল্প সময়ের মধ্য দরপত্র দিয়ে বিক্রি করা সম্ভব হবে। উড়োজাহাজ কোম্পানিগুলোর কাছে বিশাল অর্থ পাবে বেবিচক। বিক্রির পর পাওনা আদায় করা হবে। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, চলাচলের অনুপযোগী এসব উড়োজাহাজ বিমানবন্দরে কাজের ব্যাঘাত ঘটাছে। বিমান হিসেবে বিক্রি করতে উপযুক্ত ক্রেতা না পাওয়ায় সেগুলো ওজনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। আন্তর্জাতিক মান অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণে যা ব্যয় হবে উড়োজাহাজ বিক্রি করে তা পাওয়ার সম্ভাবনাও কম। তারপরও চেষ্টা চলছে কোনো বিদেশি প্রতিষ্ঠানের সন্ধান পেতে।
বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান দেশ রূপান্তকে বলেন, গলার কাঁটা হিসেবে ১১ বছর ধরে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এগুলো ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিলামে তোলার অনুমোদন চাওয়া হয়েছে। মূল্য নির্ধারণে যে ব্যয় হবে, বিক্রি করে সেই অর্থ আদায় হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। বাস্তবে এগুলো এখন স্ক্র্যাপে পরিণত হয়েছে। তবে এগুলো বিক্রি করে যে টাকাই পাওয়া যাক না কেন, অন্তত শাহজালাল বিমানবন্দরের অপারেশনাল কার্গো এলাকার বিশাল জায়গা মুক্ত করা সম্ভব হবে।
যে কারণে মিলছে না ক্রেতা : বকেয়া আদায়ের নিমিত্তে পরিত্যক্ত উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত ও নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু করে বেবিচক। ২০২১ সাল ও ২০২২ সালে বেবিচক উড়োজাহাজগুলো নিলামের জন্য আন্তর্জাতিক ও দেশীয় দরপত্র আহ্বান করে। একাধিকবার নিলামের চেষ্টা হলেও কোনো উপযুক্ত ক্রেতা মেলেনি। ক্রেতা না পাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা।
একযুগ ধরে খোলা আকাশে : উড়োজাহাজগুলো প্রায় ১১ বছর ধরে রোদবৃষ্টিতে খোলা আকাশের নিচে পড়ে আছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এগুলোর ইঞ্জিন, এভিয়নিক্স সিস্টেম, ককপিটের যন্ত্রপাতি এবং ল্যান্ডিং গিয়ার নষ্ট ও মরিচা ধরে অকেজো হয়ে গেছে। এগুলোকে পুনরায় উড্ডয়নের উপযোগী করা কোনোভাবেই লাভজনক নয়। তাছাড়া উড়োজাহাজগুলোর বেশিরভাগই পুরনো মডেলের (ড্যাশ-৮, এমডি-৮৩, বোয়িং ৭৩৭-৩০০)। বিশ্বব্যাপী এই মডেলগুলোর ব্যবহার এখন সীমিত। ফলে এগুলোর ভেতরে থাকা সচল যন্ত্রাংশ খুলে অন্য কোনো উড়োজাহাজে ব্যবহার বা যন্ত্রাংশ হিসেবে বিক্রি করার বাজারও প্রায় নেই বললেই চলে। উড়োজাহাজগুলোর মালিকানাধীন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাংকঋণ ও অন্যান্য পাওনাদারের মামলা রয়েছে। ফলে কোনো ক্রেতা আইনি ঝামেলা এড়াতে এগুলো কিনতে আগ্রহ দেখাচ্ছে না।
যেসব কোম্পানির উড়োজাহাজ আছে : পরিত্যক্ত উড়োজাহাজগুলো বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে এবং কার্গো ভিলেজের সম্প্রসারণ কাজে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। পরিত্যক্ত ১২টি উড়োজাহাজের মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের আটটি, রিজেন্ট এয়ারওয়েজের দুইটি, জিএমজি এয়ারলাইন্সের একটি ও অ্যাভিয়েন চ্যার্টারে একটি উড়োজাহাজ। কোম্পনির কর্ণধাররা প্রভাব খাটিয়ে অ্যাপ্রোন এলাকায় উড়োজাহাজগুলো রেখেছেন।
বিক্রির পর পরিশোধ করা হবে : কার্গো ভিলেজসংলগ্ন মূল্যবান অ্যাপ্রোন এলাকার প্রায় ১ লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা দখল করে আছে উড়োজাহাজগুলো। বছরের পর বছর উড়োজাহাজগুলো পার্ক করে রাখায় বেবিচকের নিয়ম অনুযায়ী পার্কিং ফি এবং তার ওপর অতিরিক্ত সারচার্জ যুক্ত হতে থাকে। বেবিচকের হিসাব শাখা সূত্রে জানা যায়, বকেয়া এবং চক্রবৃদ্ধি হারের সারচার্জ মিলিয়ে এই চার কোম্পানির কাছে বেবিচকের মোট পাওনার পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এককভাবে জিএমজি এয়ারলাইন্সের কাছেই পাওনা রয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বকেয়া প্রায় ৪০০ কোটি টাকা এবং বাকি টাকা রিজেন্ট ও অ্যাভিয়েন চ্যার্টারের বকেয়া। দিনের পর দিন এই বিশাল অঙ্কের অর্থ আটকে থাকলেও কোম্পানিগুলোর কর্ণধারদের নানা টালবাহানা এবং আইনি মারপ্যাঁচে তা আদায় করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয়ে বিশেষ চিঠি : গত ১৬ জুলাই বেবিচক চেয়ারম্যান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠিতে বেবিচক এই কাজে বাংলাদেশ বিমান বাহিনী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতা চেয়েছে। কিন্তু দেশে আন্তর্জাতিক মান অনুযায়ী উড়োজাহাজ মূল্যায়নে সক্ষম কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। বিদেশি প্রতিষ্ঠান দিয়ে মূল্যায়নের বিষয়টিও বিবেচনা করা হয়। কিন্তু তাতে যে ব্যয় হবে, তা সম্ভাব্য বিক্রয়মূল্যের চেয়েও বেশি হতে পারে। এ অবস্থায় ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রস্তাব দেওয়া হয়েছে। বেবিচকের ধারণা, উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র হলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলকভাবে অংশ নেবে। এতে বাজারভিত্তিক মূল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে, একই সঙ্গে সরকারের জন্য সর্বোচ্চ দর নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
দাপুটে কোম্পানিগুলো অসহায় : একসময় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে দাপটের সঙ্গে ব্যবসা করা এই এয়ারলাইন্সগুলো আর্থিক লোকসান, অব্যবস্থাপনা ও ঋণে জর্জরিত হয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে তাদের ফ্লাইট অপারেশন স্থগিত করে। এরপর ২০১৬ সালে বন্ধ হয়ে যায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং ২০২০ সালের মার্চে করোনাকালীন সংকটের শুরুতে বন্ধ হয় রিজেন্ট এয়ারওয়েজ। কোম্পানির মালিকরা ক্ষমতার দাপট দেখিয়ে বেবিচকের টাকা পরিশোধ করেনি। দফায় দফায় তাদের চিঠি দিয়েও সাড়া মেলেনি।
চিঠি দিয়েও যায়নি সরানো : উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়ার জন্য কোম্পানিগুলোকে একাধিকবার চিঠি দেওয়া হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ৩০ দিনের চূড়ান্ত নোটিস দেওয়া হলেও কাজ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে উড়োজাহাজ অপসারণ না করলে সেগুলো বাজেয়াপ্ত করে নিলামে বিক্রির কথা বলা হয়। পরে বিষয়টি সরকারের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয় এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মতামত নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট এয়ারলাইন্স, বন্ধক গ্রহণকারী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া : উড়োজাহাজগুলোর উড্ডয়নযোগ্যতার সনদের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। পরে অ্যাভিয়েশন আইন অনুযায়ী বিমানগুলোর নিবন্ধনও বাতিল করে দেয় বেবিচক। দীর্ঘ আইনি শেষে ২০২৪ সালের ২৬ মে মাসে উড়োজাহাজগুলোকে আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে বেবিচক। পরে জাতীয় দৈনিক পত্রিকায় নিলামের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।