দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক, ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনী ক্লাবের প্রশাসন ইনচার্জ আশীষ রায় চৌধুরী।
গত প্রায় চার বছর ধরে অসুস্থ ছিলেন হারুনুর রশীদ। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে না ফেরার দেশে পাড়ি জমান দেশের ক্রীড়াঙ্গনের এই নিবেদিতপ্রাণ সংগঠক।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদান অত্যন্ত বিস্তৃত। ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সাল পর্যন্ত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটিতে। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতাকালীন সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন হারুনুর রশীদ। বিশেষ করে ঢাকা আবাহনী ও তার নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার হাত ধরেই বাদল রায়, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও আবদুল গাফফারের মতো সাবেক তারকা ক্রীড়াবিদরা সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারেও ভূষিত হন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক আবদুল গাফফার। যুক্তরাষ্ট্র থেকে তিনি হারুনুর রশীদের শেষ বিদায়কে যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাফফারের অনুরোধ, হারুনুর রশীদের মরদেহ যেন আবাহনী ক্লাবে নেওয়া হয়। পাশাপাশি একসময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই ক্রীড়া সংগঠকের জানাজা জাতীয় সংসদ প্রাঙ্গণে আয়োজনেরও দাবি জানিয়েছেন তিনি।