বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ ঘরের চুলায় রান্না বসিয়ে এক বিধবা নারী পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তার ঘর থেকে আগুনের শিখা দেখতে পান এলাকার লোকজন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কোনো পরিবারের লোকজন ঘর থেকে মালামাল বের করতে পারেননি।
বড়ইতলী পাড়ার কারবারি (পাড়া প্রধান) চিংসামং মারমা বলেন, রাতে এক বিধবা নারী চুলায় রান্না বসিয়ে অন্যের বাড়িতে টেলিভিশন দেখতে যান। পরে তার ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি।
তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উমংসিং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে ফিরে যেতে বাধ্য হন। রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য চনুমং মারমা ও মাওসেতু তঞ্চঙ্গ্যা। পরিদর্শন শেষে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেন। এ সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী সময়ে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তারা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর অগ্নিকান্ডে ১৬টি বসতঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।