বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এক স্মারক আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ‘বিপ্লবী এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব হিরন মিত্র চাকমার সঞ্চালনায় সূচনাতে শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম আহ্বায়ক ড. ঈশিতা দস্তিদার। স্মরণসভায় বক্তব্য দেন মানবাধিকারকর্মী খুশি কবির, এএলআরডির শামসুল হুদা, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, পিসিজেএসএস নেতা দীপায়ন খীসা, পাহাড়ি ছাত্র পরিষদের অন্তর চাকমা এবং শিক্ষক ফারহা তাঞ্জিম তিতিলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, ‘এম এন লারমাকে কেবল আঞ্চলিক নেতা বানিয়ে তার দর্শনকে প্রান্তিকীকরণ করা হয়। অথচ তার সংবিধানচিন্তা সমগ্র দেশের নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ। তিনি শুধু পার্বত্য চট্টগ্রামের নন, বাংলাদেশের জাতীয় বীর।’ তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অবহেলার সমালোচনা করেন।
স্মারক আলোচনায় বক্তারা বলেন, ১৯৭২ সালের গণপরিষদে এম এন লারমা বহুত্ববাদী ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে বার্তা দিয়েছিলেন, তা বর্তমান সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনে দারুণভাবে প্রাসঙ্গিক। কাপ্তাই বাঁধবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক, শ্রমিক ও নারী অধিকারের দাবিতে তার আপোসহীন সংগ্রাম স্মরণ করে বক্তারা পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান।
আলোচনা পর্ব শেষে শহীদ এম এন লারমা ও তার সহযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বালন করা হয়। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের হামলায় আট সহযোদ্ধাসহ শহীদ হন এমএন লারমা।