নরসিংদীতে এনপিবি নিউজের বর্ষপূর্তি, ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে উদ্‌যাপিত হয়েছে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনপিবি নিউজের নরসিংদী জেলা প্রতিনিধি নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুব রহমান। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক এম এ কাইয়ুম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, প্রেস ক্লাবের সহসভাপতি হলধর দাস, সাংবাদিক প্রীতি রঞ্জন সাহা, হামিদুল হক আহাদ, মো. আমজাদ হোসেন, আরিফুল হাসান, প্রধান শিক্ষক আল আমিন গাজী, কবি আসাদ সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন।

অনুষ্ঠানে সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সাংবাদিকতায় অবদানের জন্য দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়, শিক্ষকতায় অবদানের জন্য প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন দুখু মিয়া, কৃষিতে অবদানের জন্য স্মার্ট এগ্রো কেয়ারের জাকির খাঁন, সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যের সন্ধান’-এর প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার এবং ক্রীড়ায় অবদানের জন্য রোমান সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের অধিকার তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজনদের সম্মাননা প্রদানের উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান।

তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে এনপিবি নিউজের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পোর্টালটির প্রথম বছরের পথচলা উদ্‌যাপনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মান জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত