নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৯ নভেম্বর) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।
এর আগে রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে ও সহযোগী শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মো. আশিকুর রহমান জানান, জেলার শীর্ষ সন্ত্রাসী সনেটকে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও তাঁর দেখানোমতে নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা হতে অবৈধ ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য সে অস্ত্র ও গুলি মজুদ রেখেছিল বলে জানায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
একই রাতে পৃথক অভিযানে সনেট এর সহযোগী ১১ মামলার আসামি রাকিবকেও গ্রেপ্তার করে ডিবি।
সনেট মোল্লার বিরুদ্ধে এর আগে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র সহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।