সাংবাদিক রাজেশকে নির্যাতন, ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও চকবাজার এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অপরাধী চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ রাজেশ গনিকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ভিডিও ধারণ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বৈশাখী নিউজ ২৪-এর রিপোর্টার রাজেশ গনি। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের একজন গেজেটভুক্ত যোদ্ধা।

লিখিত বক্তব্যে রাজেশ গনি বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশ করে আসছেন তিনি। এসব সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজ সোহেল আহমেদ ও তাঁর সহযোগীদের হুমকির মুখে পড়েন। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাঁকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে তুলে নেওয়া হয়।

সেখানে তাঁকে মারধর ও শারীরিক নির্যাতনের পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া গত ৩০ অক্টোবর বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত একটি প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও খণ্ডিত তথ্যনির্ভর দাবি করেন রাজেশ গনি। প্রতিবেদনটির নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সেখানে তাঁর বক্তব্য প্রচারের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাজেশ গনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। তাঁর ওপর হামলা, অপহরণ, নির্যাতন ও সাইবার হয়রানির অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, ‘আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ চাই না। একজন সাংবাদিক হিসেবে অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক, অপরাধীদের বিচার হোক এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হোক। আমার হাতে অস্ত্র নেই, আছে কলম। আমি প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত