নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুনে ধোয়ায় অসুস্থ শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত সাংবাদিকদের বলেন, প্রথম থেকেই বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা তাদেরকে যত্ন সহকারে চিকিৎসা দিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যারা আছেন, তাদের পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের যত ধরনের চিকিৎসা, ও ওষুধ লাগছে সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবির পরিচর্যা ও যথাযথ চিকিৎসা দিচ্ছেন। অনেকেই রিকোভার করছে। আশা রাখি মঙ্গলবার সন্ধ্যার মধ্যে আরও ৩০ জনকে ছুটি দিতে পারব। বাকি যারা আছেন তারা এখন পর্যন্ত ভালো আছেন। ইনশাআল্লাহ তারাও রিকোভার করবে।
তিনি বলেন, এরকম অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া দরকার। বিল্ডিং রেগুলেশন থেকে শুরু করে আমাদের সামাজিক সচেতনতা এই অগ্নিকাণ্ড প্রতিরোধে কাজ করবে।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বাইরেও বড় বড় শহরেও কিন্তু একই ধরনের অগ্নিকাণ্ড ও বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেক্ষেত্রে তারা সেখানে বার্নের সঠিক চিকিৎসা পান না। যেটা ঢাকায় পাচ্ছে। আমরা মনে করি এই বিশেষায়িত চিকিৎসাটি সারাদেশে বিকেন্দ্রীকরণ করা দরকার। প্রত্যেকটা বিভাগীয় শহরে বার্ন ইনস্টিটিউটের মাধ্যমে রোগীরা বাঁচবে, পঙ্গু হওয়া থেকে রক্ষা পাবে।