তাহলে শেষ কথা কী

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ এএম

প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন, ‘রাজনীতি ও সংস্কৃতি সম্পূর্ণ বিপরীত বস্তু একটি ব্যাধি অপরটি স্বাস্থ্য।’ আমাদের স্বাধীনতা-পরবর্তী সময়ে নানা মহল থেকে বারবার বলা হচ্ছে, সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির বিকাশের  দায় রাজনীতিকদের এবং রাজনৈতিক সংস্কৃতির গুণগত মান উন্নয়ন ভিন্ন কোনো গত্যন্তর নেই। স্বাধীনতা লাভের একেবারে সংলগ্ন অধ্যায়গুলোতেও আমাদের রাজনীতির যেখানে এত অর্জন সেখানে এর পরবর্তী অধ্যায়েই ক্ষয়ের ধারা এত পুষ্ট হলো কী করে, যার প্রেক্ষাপটে উন্নত রাজনৈতিক সংস্কৃতি নিশ্চিত করার এত আকুতি শুরু হলো, যা আজও অব্যাহত? এই জিজ্ঞাসার উত্তর নিশ্চয় অন্তহীন নয়। 

যুক্তরাজ্যের সরকারপ্রধান, রক্ষণশীল রাজনীতিবিদ বেঞ্জামিন ডিসরেলি, যিনি দুবার সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বলেছিলেন, ‘রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই।’ তার উক্তিটি আমাদের দেশের সামাজিক-রাজনৈতিক পরিসরে বহুল চর্চিত। স্মরণযোগ্য, বেঞ্জামিন ডিসরেলি যুক্তরাজ্যে আধুনিক কনজারভেটিভ পার্টি গঠনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং এর নীতি ও ব্যাপক প্রচার সংজ্ঞায়িত করেছিলেন। তার প্রথম ধাপের শাসন কার্যকাল অল্প সময়ের ছিল। ১৮৬৮ সালে ডার্বির অবসরের পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং সে বছরের সাধারণ নির্বাচনে পরাজিত হন। ফিরে আসেন বিরোধী দলে এবং ১৮৭৪ সালের সাধারণ নির্বাচনে দলকে সংখ্যাগরিষ্ঠতা এনে দেন। 

হুমায়ুন আজাদ এবং বেঞ্জামিন ডিসরেলি দুজন দুই মেরুর। হুমায়ুন আজাদ শিক্ষাবিদ ও লেখক আর ডিসরেলি রাজনৈতিক ব্যক্তিত্ব। দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য থাকলেও  একটি বিষয়ে সাদৃশ্য রয়েছে। উভয়েই রাজনীতি নিয়ে যে ভাষ্য রেখেছেন এর মধ্যে সামঞ্জস্য আছে। হুমায়ুন আজাদ এও বলেছেন, ‘সৌন্দর্য রাজনীতির থেকে সব সময়ই উৎকৃষ্ট’। যে রাজনীতি বিশ্বের দেশে দেশে জনকল্যাণের ওপর নাম হিসেবে অভিহিত সেই রাজনীতিই কেন আমাদের সমাজে কোনো কোনো মান্যজনের বিশ্লেষণে ‘ব্যাধি’ হিসেবে বিবেচিত হলো? তাহলে তাদের বিশ্লেষণ কি অমূলক? নিশ্চয়ই নয়। বিগত প্রায় সাড়ে পাঁচ দশকে দেশে রাজনীতির নামে, অধিকার আদায়ের ব্যানারে সংঘটিত আন্দোলনে যত প্রাণ ঝরেছে, জ্বালাও-পোড়াও কিংবা ধ্বংসযজ্ঞ দৃশ্যমান হয়েছে এসব মর্মন্তুদ ঘটনার পর অন্তত আমাদের প্রেক্ষাপটে কি বলার অবকাশ আছে যে, জনকল্যাণের ওপর নামই রাজনীতি? উত্তর প্রীতিকর নয়।

আমাদের রাজনীতির অর্জন-অনার্জনের প্রসঙ্গ এলেই এর সমান্তরালে বিসর্জনের প্রসঙ্গও উচ্চারিত হয় বিভিন্ন মহলে খুব আক্ষেপের সঙ্গে। মহামতি অ্যারিস্টটল বলেছেন, ‘মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী’। তিনি এও বলেছেন, ‘একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে।’ এ দুই-ই নিখাদ সত্য। আমাদের সংবিধানেও অ্যারিস্টটলের দ্বিতীয় উক্তিটির প্রতিফলন লক্ষণীয়। রাজনীতিই বলি কিংবা রাজনৈতিক সংস্কৃতিই বলি এসব লক্ষ্যের কেন্দ্রে মূলত মানুষ; অর্থাৎ রাষ্ট্রের নাগরিক সমাজ। অনেকেই বলেন, ১৯৭১ সালের পরে যে সুযোগ এসেছিল এর সদ্ব্যবহার রাজনীতিকরা করতে পারেননি। রাজনীতি রাজনীতিকদের হাতছাড়া হয়ে গেছে, এমন আক্ষেপের কথাও তো ইতিমধ্যে কম শোনা যায়নি। অসত্য নয়, রাজনীতির ব্যাকরণ কোনো দিন পাঠ না করেও রাজনীতির নীতিনির্ধারকের কাতারভুক্ত হয়েছেন অনেকেই। রাজনীতি অনেকেরই ফুলে ফেঁপে ওঠার মাধ্যমও হয়েছে, তাও তো দৃশ্যমান সত্য।

অনেকেই দেশের রাজনীতি নিয়ে ফের ‘যদি’, ‘কিন্তু’র সমীকরণ কষতে শুরু করেছেন। অনেকের মধ্যে নেতিবাচকতার অনুচ্চারিত অনেক প্রশ্নও জাগতে শুরু করেছে। ককটেল বিস্ফুরণ, যানবাহনে অগ্নিসংযোগ   (ইতিমধ্যে দগ্ধ হয়ে পরিবহন শ্রমিকের প্রাণহানিও ঘটেছে ) এবং এরও আগে থেকে চলে আসা ও মধ্যে কিছুটা স্থিমিত হওয়ার পর ফের ‘মব সহিংসতা’, পোশাকশ্রমিকদের আন্দোলন ও অন্যান্য আন্দোলন-কর্মসূচিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে শান্তিপ্রিয় মানুষ উৎকণ্ঠিত। এমতাবস্থায় সুস্থধারার রাজনীতি কিংবা রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ নতুনভাবে এসেছে। জিজ্ঞাসা আছে, আবারও কি বৈরী কোনো ছায়া জনজীবন গ্রাস করতে চলেছে? চব্বিশের আগস্টে ছাত্র-জনতার কাতারভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের রেখাও স্পষ্ট হয়ে উঠছে এবং একই সঙ্গে রাজনৈতিক ভাষা প্রয়োগে কর্কশতাও সাধারণ মানুষের কপালে দুর্ভাবনার ভাঁজ গাঢ় করছে। অনেকের জানা আছে, কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী, কিউবা বিপ্লবের প্রধান ফিদেল কাস্ত্রো তার দেশের ক্রান্তিকালে কোনো এক প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি আমার দাড়ি কেটে ফেলার কথা ভাবছি না। কারণ, আমি আমার দাড়িতেই অভ্যস্ত এবং আমার দাড়ি আমার দেশের জন্য অনেক অর্থ বহন করে। সুশাসনের জন্য আমরা যেদিন আমাদের অঙ্গীকার পূরণ করতে পারব, সেদিন আমি দাড়ি কাটব’। কাস্ত্রোর এই উক্তি রাজনৈতিকভাবে রসাত্মক কিংবা ব্যঙ্গাত্মক মনে হলেও এর মধ্যে যে প্রত্যয় রয়েছে তা হলো নিঃসন্দেহে দেশপ্রেমের এবং দেশের জনগণের প্রতি একজন নেতার দায়বদ্ধতার প্রকাশ।

একজন নেতা, রাজনীতির  নীতিনির্ধারক, রাষ্ট্র কিংবা সরকার প্রধানের কাছে নাগরিক সমাজ তো এমন প্রত্যয়ই প্রত্যাশা করে। আমাদের তিক্ত অভিজ্ঞতায় এও মূর্ত, স্বাধীন দেশের রাজনীতিতে বহুবার নানামাত্রিক মেরুকরণ ঘটেছে ক্ষমতার সমীকরণে। এই পরিস্থিতি যে দেশে-সমাজে রাজনীতির উপজীব্য সেখানে জনকল্যাণের বিষয়গুলো শুধু উচ্চারণেই সীমাবদ্ধ এবং এর অনেক নজিরও রয়েছে। যুক্তরাষ্ট্রের কৌতুকাভিনেতা এবং লেখক গ্রুচো মার্কস বলেছেন, ‘রাজনীতি হলো সমস্যা অনুসন্ধান করা, সব জায়গায় এর খোঁজ করা, এটি ভুলভাবে নির্ণয় করা এবং প্রতিকার-প্রতিবিধান  করার শিল্প।’ এই প্রেক্ষাপটে প্রশ্ন দাঁড়ায়, আমাদের রাজনীতির ব্যাকরণ এ থেকে কতটা দূরে? আমরা দেখেছি, অনাচার-দুরাচার-কদাচারের চারণ ভূমি এই রক্তস্নাত বাংলাদেশ ফিরে ফিরে কীভাবে হয়ে উঠেছে ক্ষমতা ধরে রাখতে চাওয়ার উদগ্রতায় কিংবা ক্ষমতার অপব্যহারের শাস্তি অবলীলায় এড়ানোর পথ বাতলে। এ যেন ঋষিপুরুষ রবীন্দ্রনাথের সেই স্বরলিপিরই সমান্তরাল, ‘তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই’। ক্ষমতা নামক এই ‘সোনার হরিণ’ ধরতে শুধু রাষ্ট্রীয় পর্যায়েই নয়, সামাজিক নানা স্তরেও অনেকেই ওত পেতে থাকেন।

জনকল্যাণের রাজনীতি বলতে এমন একটি রাজনৈতিক আদর্শ বা ব্যবস্থাকে বোঝায়, যার মূল লক্ষ্য ক্ষমতা নয়, বরং সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। রাজনৈতিক প্রতিহিংসা বা দ্বন্দ্বের পরিবর্তে সহাবস্থান এবং গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করা। নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থায় জনগণের মতামতের প্রতিফলন ঘটানো এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। আদর্শহীনতা, অর্থ ও পেশিশক্তির প্রভাব এবং আত্মকেন্দ্রিক মানসিকতা জনকল্যাণের রাজনীতির প্রধান অন্তরায়। অনেক সময় রাজনীতি কেবল ক্ষমতা ও ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়, যা সাধারণ মানুষের সঙ্গে নেতৃত্বের দূরত্ব তৈরি করে। এই সংকট উত্তরণে সততা, মেধা এবং জবাবদিহিমূলক রাজনীতি ভিন্ন যে গত্যন্তর নেই এর ব্যাখ্যা-বিশ্লেষণ নিষ্প্রয়োজন। আইনের শাসন না থাকলে সমাজে জোর যার মুল্লুক তার পরিস্থিতি তৈরি হয়। ফলে সাধারণ এবং সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

রাজনৈতিক দলগুলো যখন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তখন ক্ষমতার অপব্যবহার বন্ধ হয়, দুর্নীতি কমে এবং সমাজ ও রাষ্ট্রে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসে। মানবাধিকার রক্ষা এবং আইনি সহায়তা একে অপরের পরিপূরক। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণের রাজনীতি বাস্তবায়নে এই দুটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনি সহায়তা ছাড়া মানুষের পক্ষে মানবাধিকার রক্ষা করা অসম্ভব। আইনের আশ্রয় লাভের অধিকার হলো প্রতিটি নাগরিকের মৌলিক এবং অলঙ্ঘনীয় সাংবিধানিক অধিকার। এর সহজ অর্থ হলো দেশের যেকোনো নাগরিক যখনই কোনো অন্যায়, জুলুম বা অধিকার লঙ্ঘনের শিকার হবেন, তখনই তিনি আদালতের দ্বারস্থ হয়ে প্রচলিত আইনের মাধ্যমে প্রতিকার ও নিরাপত্তা পাওয়ার অধিকারী হবেন। কিন্তু বহু ক্ষেত্রেই এরও বরখেলাপ ইতিমধ্যে কম ঘটতে দেখা যায়নি। ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস খুব নীরবে চলে গেল! স্বৈরাচারবিরোধী আন্দোলনের অধ্যায়ের  অংশীজন এই নূর হোসেন রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে প্রাণ হারান। তার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অংশ হলেও তাকে কতটা মনে রেখেছেন সেই দিনের রাজনীতিকরা?

আমরা জানি, সুশাসন হলো এমন একটি শাসনব্যবস্থা, যা স্বচ্ছ-জবাবদিহিমূলক-অংশগ্রহণমূলক এবং আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ জনকল্যাণের রাজনীতিকে বাস্তবে রূপদান করার প্রধান হাতিয়ারই হলো সুশাসন। সুশাসন ছাড়া জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন অসম্ভব। এও জানি, আইনের শাসন হলো এমন একটি শাসনতান্ত্রিক নীতি, যেখানে কোনো ব্যক্তি, দল বা সরকার আইনের ঊর্ধ্বে নয় এবং প্রতিটি নাগরিক সমান আইনি সুরক্ষা ও বিচারের অধিকার পায়। এটি সুশাসন এবং জনকল্যাণের রাজনীতির মূল ভিত্তি হিসেবে স্বীকৃত। রাজনৈতিক-অরাজনৈতিক সরকারের অনেক দায়িত্বশীলের  উচ্চারণে আমরা ইতিমধ্যে বহুবার শুনেছি, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের আইনের দৃষ্টিতে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কিন্তু শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই দেখা গেছে, এসব শুধু রাজনৈতিক কথার কথা। যতদিন এই শর্তগুলো পূরণ না হবে ততদিন সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির আকুতি জারি থাকবে। সত্য হলো, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না হলে মানুষ বিপন্ন-বিপর্যস্ততার বৃত্ত মুক্ত হতে পারবে না। 

লেখক : সাংবাদিক, কবি ও বিশ্লেষক।

[email protected] 

সর্বশেষ সর্বাধিক পঠিত