ভর্তি পরীক্ষা পেছালো রাবি

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিসি বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে। এসিদ্ধান্ত মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় বুধবার সকালে ভর্তি উপ-কমিটি এক জরুরি বৈঠকে বসে ।

আবেদনের বিষয়ে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

ইউজিসি সিদ্ধান্ত অনুযায়ী যার সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন তাদের বিষয়ে উপাচার্য বলেন, যেসকল শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত