ফুটবল ক্যারিয়ারের বড় কোনো মঞ্চে নামার আগে রোমাঞ্চের পাশাপাশি অনেক সময় খেলোয়াড়দের লড়তে হয় অদৃশ্য সব প্রতিকূলতার সঙ্গে। চলতি বছরের জুনে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক দুই দিন আগে তেমনই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন স্কটল্যান্ডের অন্যতম ভরসা ও নাপোলির মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে।
হাইতির বিপক্ষে (১৪ জুন) নিজেদের প্রথম ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা আগে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা দূর করতে তাঁকে শরণাপন্ন হতে হয়েছিল হাসপাতালের বিছানার। অবর্ণনীয় সেই শারীরিক ও মানসিক ধাক্কা সামলে মাঠে নেমে শুধু ম্যাচই খেলেননি, বরং দলকেও রেখেছেন সামনে এগিয়ে।
সম্প্রতি স্কটল্যান্ডের আসন্ন নেশনস লিগের ম্যাচগুলোর আগে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনের অন্যতম কঠিন সেই সময়ের কথা আরও বিস্তারিতভাবে তুলে ধরেন ম্যাকটোমিনে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে ‘অ্যাবলশন’ (অনিয়মিত হার্ট রিদম ঠিক করার একটি ন্যূনতম আক্রমণাত্মক অপারেশন) করানোর সেই অভিজ্ঞতা স্মরণ করে স্কটিশ মিডফিল্ডার সংবাদকর্মীদের জানান, ‘হার্টে শক দেওয়ার জন্য আমাকে চিকিৎসকের কাছে যেতে হয়েছিল। হাইতির ম্যাচের ঠিক দুই দিন আগের ঘটনা এটি। আপনি এত দারুণ প্রস্তুতি নিলেন, চমৎকার ফিটনেস ধরে রাখলেন, আর ঠিক তখনই এমন কিছু ঘটে গেল! তখন মনে প্রশ্ন জাগে, 'আমার সঙ্গেই কেন এমনটা হচ্ছে?’
বিশ্বকাপের মতো স্বপ্নের টুর্নামেন্টের ঠিক আগে এমন বিপত্তির অভিজ্ঞতা বর্ণনা করে তিনি আরও যোগ করেন, ‘ফুটবলে ভাগ্যের কার্ড আপনাকে এভাবেই খেলতে হয়। কখনো কখনো জিনিসগুলো আপনার অনুকূলে যায় না। আপনি শতভাগ ফিট থাকতে পারেন, কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের দুই দিন আগে যখন হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয় এবং আপনাকে অজ্ঞান করার প্রক্রিয়া চলে, তখন সেটা মোটেও সুখকর নয়।’
সেপ্টেম্বরে আরও একটি ছোটখাটো হার্ট প্রসিডিউরের কারণে আন্তর্জাতিক উইন্ডো মিস করলেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। নাপোলির জার্সিতে ক্লাব ও চ্যাম্পিয়নশ লিগে দুর্দান্ত পারফর্ম করার পর এবার নেশনস লিগের ম্যাচে উত্তর মেসিডোনিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন এই স্কটিশ তারকা।
পরিবার, বন্ধু এবং গণমাধ্যমের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘অবশ্যই সংবাদমাধ্যমে বা বন্ধুদের কাছে যখন হার্ট সংক্রান্ত কোনো খবর পৌঁছায়, তখন বিষয়টি বাইরে থেকে অনেক বেশি ভীতিজনক মনে হয়। তবে এটি তুলনামূলকভাবে একটি সহজ প্রক্রিয়া ছিল, যা ম্যানচেস্টারে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমি আবারও মাঠে ফিরতে পেরে এবং ফুটবল খেলতে পেরে দারুণ খুশি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুটবল এবং এটি সবসময়ই থাকবে।’
জীবনের কঠিন সেই ধাক্কাকে পেছনে ফেলে আরও শক্তিশালী হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করে স্কটিশ মিডফিল্ডার জোর দিয়ে বলেন, ‘আমার লক্ষ্য সবসময়ই আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসা। আপনি একটি ম্যাচে কত ভালো খেললেন তা বড় কথা নয়, মূল ব্যাপার হলো পরের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করা, কঠোর পরিশ্রম করা, সঠিক খাবার খাওয়া এবং পুরো ক্যারিয়ারজুড়ে সঠিক নিয়মে ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা।’
নেশনস লিগের গ্রুপ ‘বি১’-এ বর্তমানে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড। শীর্ষস্থানধারী সুইজারল্যান্ডের চেয়ে আট এবং দ্বিতীয় স্থানে থাকা স্লোভেনিয়ার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। আগামী ১৩ নভেম্বর নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ খেলার পর, এর তিন দিন পরেই সুইজারল্যান্ডের মাঠে গিয়ে শেষ ম্যাচ খেলবে স্কটিশরা।
নভেম্বরে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগালের কবে কখন খেলা