২০২৭ সালে স্কুলে ভর্তি হতে মানতে হবে যেসব নিয়ম

প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি, পরবর্তী শ্রেণিগুলোতে লিখিত পরীক্ষা এবং ঢাকা মহানগরীর স্কুলে নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বরে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নতুন নীতিমালাটি বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরের জন্য প্রযোজ্য হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত কোনো বিদ্যালয়ে আসন খালি থাকলে সেখানে ভর্তির জন্য শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজস্ব এলাকার শিশুদের জন্য মোট আসনের ৪০ শতাংশ বরাদ্দ রাখতে হবে। তবে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এই কোটা কার্যকর হবে না।

লটারিতে নির্বাচিত কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। ফলে নির্বাচিত শিক্ষার্থীর অনুপস্থিতিতে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

নবম শ্রেণিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রাখা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার নম্বর ও সময়ও নতুন নীতিমালায় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স গণনা করা হবে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি অনুযায়ী। ওই তারিখে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হতে শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।

ভর্তির আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নতুন নীতিমালায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের শিক্ষার্থীসংখ্যাও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। পাশাপাশি শিক্ষাবর্ষের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত