আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে সকল প্রকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক (যে পরিমাণেরই হোক) অটোমেটেড পদ্ধতিতে ‘এ-চালান’ (www.achallan.gov.bd) এর মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। ‘এ-চালান’ অটোমেশন করায় প্রচলিত ইমপ্রেসড ও এ্যাডহেসিভ স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ ও কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব হবে।
এছাড়াও, জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। তবে, আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ‘এ-চালান’এর পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে। গত মঙ্গলবার (নভেম্বর ১০) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, ‘এ-চালান’-এর মাধ্যমে সমুদয় স্ট্যাম্প শুল্ক পরিশোধ করার ক্ষেত্রে নিবন্ধনযোগ্য দলিল লিখনের জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে এবং নিবন্ধনের উদ্দেশ্যে সাব-রেজিস্ট্রারের নিকট উপস্থাপনের সময় দলিলের সহিত স্ট্যাম্প শুল্ক পরিশোধের প্রমাণক হিসাবে ‘এ-চালান’-এর রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধ সংক্রান্ত ‘এ-চালান’-এর নম্বর উল্লেখ করতে হবে।
এছাড়াও, বিমা পলিসির উপর প্রদেয় স্ট্যাম্প শুল্ক ‘এ-চালান’-এর মাধ্যমে পরিশোধ করার ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক পরিশোধের প্রমাণক হিসাবে বিমা পলিসির সাথে ‘এ-চালান’-এর রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে এবং ‘এ-চালান’-এর রশিদে সংশ্লিষ্ট বিমা পলিসির সনাক্তকরণ নম্বর ও বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক সংক্রান্ত ‘এ-চালান’-এর নম্বর উল্লেখ করতে হবে।
একযোগে একাধিক (বাল্ক) ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে ‘এ-চালান’-এর মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে যাদের পক্ষে পরিশোধ করা হচ্ছে, তাদের প্রত্যেকের নাম ও সনাক্তকরণ নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে TIN/NID/BIN/ট্রেড লাইসেন্স নম্বর ইত্যাদি) আবশ্যিকভাবে উল্লেখ করার বিষয়টিও প্রজ্ঞাপনের শর্তাধীন বলে জানিয়েছে এনবিআর।