অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘আমার হাঁটুটা আপনার হলে বুঝতেন’

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

ফুটবল পায়ে যার ড্রিবলিং আর জাদুকরী ছন্দ একসময় বিশ্ববাসীকে বুঁদ করে রাখত, সেই নেইমার জুনিয়রের ক্যারিয়ারে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিজের শরীর। বিশেষ করে হাটুতে একের পর এক চোট। প্রতিনিয়ত সেই চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত এই ব্রাজিলিয়ান তারকা অবশেষে প্রকাশ্যে আনলেন তাঁর শারীরিক যন্ত্রণার কথা। 

সেই সঙ্গে আগামী ২০৩০ সালে কিংস লিগে খেলার ইচ্ছা প্রকাশের পাশাপাশি ফুটবলকে বিদায় জানানোর একটি সুনির্দিষ্ট আভাসও দিয়ে রাখলেন সাবেক বার্সেলোনা ও পিএসজি মহাতারকা।

সম্প্রতি ব্রাজিলিয়ান কিংস লিগের এক লাইভ স্ট্রিমে হাজির হয়ে কন্টেন্ট ক্রিয়েটর ক্রিস গেদেসের সঙ্গে কথা বলার সময় নিজের অবসর ভাবনা নিয়ে মুখ খোলেন সান্তোসের এই ফরোয়ার্ড। লাইভ চলাকালে ২০৩০ সালে কিংস লিগে খেলার ইচ্ছার কথা জানালে সেখানে ক্রিস গেদেস কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি তো আরও ৫-৬ বছর অনায়াসে পেশাদার ফুটবল চালিয়ে যেতে পারেন।

গেদেসের এই মন্তব্যের উত্তরে কিছুটা রসিকতার ছলে কিন্তু বিষাদভরা কণ্ঠে লাইভ স্ট্রিমে নেইমার নিজের হাঁটু ও শরীরের সাম্প্রতিক অবস্থার চিত্র তুলে ধরে বলেন, ‘আমার হাঁটুটা যদি আপনার হতো, তবে ঠিকই বিষয়টা বুঝতে পারতেন।’ 

গত কয়েক বছরে নেইমারের বাম হাঁটু তাঁর পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। গত বছরের (২০২৫) ডিসেম্বরে হাঁটুর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করানোর পর ২০২৬ বিশ্বকাপের আগেও প্লাটিলেট-রিচ প্লাজমা দিয়ে রিজেনারেটিভ থেরাপি নিতে হয়েছিল তাঁকে। ২০২৫ সালে নিজের পুরানো ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে একটানা মাঠে নামা সম্ভব হয়নি। সম্প্রতি এক মাসে মাত্র তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি, যার মধ্যে ফ্লামেঙ্গোর বিপক্ষে জোড়া গোল যেমন ছিল, তেমনি বাহিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার তিক্ত অভিজ্ঞতাও ছিল।

তবে এই বিষাদময় খবরের মাঝে সান্তোস সমর্থকদের জন্য একটি স্বস্তির বার্তাও এসেছে। বাহিয়া ম্যাচে লাল কার্ড ও হলুদ কার্ডের জটিলতায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। যার ফলে পালমেইরাস ও ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। তবে ব্রাজিলের স্পোর্টস জাস্টিস ট্রাইব্যুনাল সান্তোসের করা আপিল মঞ্জুর করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা নেইমারকে আগামী ম্যাচেই মাঠে নামার সবুজ সংকেত এনে দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত