প্রথম সংসদীয় ভোটে পরাজিত নেতানিয়াহুর জোট

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট নতুন নির্বাচিত নেসেটে প্রথমবারের মতো সংসদীয় ভোটে পরাজয়ের মুখে পড়েছে। বুধবার বিরোধী দল ও আরব দলগুলোর সমর্থনে নেসেটের অ্যারেঞ্জমেন্টস কমিটি গঠনের প্রস্তাব পাস হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

প্রস্তাবের পক্ষে ৬৩টি এবং বিপক্ষে ৫০টি ভোট পড়ে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির রয় ফোকম্যান কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নেসেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কমিটি গঠন এবং এর সদস্যসংখ্যা ও গঠন নির্ধারণে ফোকম্যানের উত্থাপিত প্রস্তাবটি আইনপ্রণেতারা অনুমোদন করেছেন।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি পাঁচটি আসন পাবে। এ ছাড়া ইয়েশ আতিদ, জয়েন্ট লিস্ট, দ্য ডেমোক্র্যাটস এবং ইউনাইটেড আরব লিস্ট (রাআম) প্রত্যেকে দুটি করে আসন পাবে।

অন্যদিকে, ইসরায়েল বেইতেনু, ওতজমা ইয়েহুদিত, ইউনাইটেড তোরাহ জুডাইজম, শাস এবং রিলিজিয়াস জায়নিজম প্রত্যেকটি দল একটি করে আসন পাবে।

মঙ্গলবার ইয়াশার পার্টি জানায়, বিরোধী দলগুলোর ‘চেঞ্জ ব্লক’-এর সঙ্গে সমঝোতার ভিত্তিতে রয় ফোকম্যানকে কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে।

তবে এ ভোটের তীব্র সমালোচনা করেছে নেতানিয়াহুর দল লিকুদ। দলটির অভিযোগ, আইজেনকোট, আভিগদর লিবারম্যান ও নাফতালি বেনেটের নেতৃত্বাধীন দলগুলো আরব আইনপ্রণেতা আহমদ তিবি ও মানসুর আব্বাসের সঙ্গে হাত মিলিয়েছে।

লিকুদ আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরায়েলের জাতীয় সংগীত বর্জনের অভিযোগ তুলেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত