উত্তরাঞ্চলসহ সারা দেশে ধীরলয়ে কমছে তাপমাত্রা। সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলেই শীতের অনুভব পাওয়া যায়। তবে এখনই এই আবহ তৈরি না হওয়ায় পুরোদমে শীত শুরু হয়নি। দেশের উত্তরাঞ্চলের এলাকাগুলোয় গড় তাপমাত্রা ১৯ ডিগ্রি রেকর্ড হলেও দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের গড় তাপমাত্রা এখনো ২২ ডিগ্রির উপরে।
আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড করা উপাত্তে দেখা যায়, গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এর আগের দুই দিন সোমবার ও রবিবার ছিল যথাক্রমে ১৬ ডিগ্রি ও ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তেঁতুলিয়া ছাড়া উত্তরবঙ্গের অন্য আবহাওয়া স্টেশনগুলোয় তাপমাত্রার পারদ তুলনামূলকভাবে বেশি। গত মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি এবং নীলফামারির ডিমলায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ২১ দশমিক ২ এবং দিনাজপুরে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে দেশের মধ্য এলাকা ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ২১, টাঙ্গাইলে ১৯ দশমিক ৫, দক্ষিণের খুলনায় ২০ দশমিক ২২, বরিশালে ২২ দশমিক ৮, চট্টগ্রামে ২৩ দশমিক ৪, কক্সবাজারে ২২ দশমিক ৬ টেকনাফে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
শীতের অনুভব কখন হয়? : সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই মানুষ শীতের অনুভব পেয়ে থাকে বলে জানান আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘উত্তরের জেলাগুলোয় ভোরের দিকে হালকা কুয়াশায় শীতের অনুভব পাওয়া গেলেও দিনের তাপমাত্রা বেশি হওয়ার কারণে শীতের প্রভাব এখনো শুরু হয়নি। আর মধ্য ও দক্ষিণের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা বেশি রয়েছে। দেশে সাধারণত নভেম্বর মাসে শীতের আমেজ থাকে না। শীত শুরু হতে আগামী মাস পর্যন্ত সময় লাগতে পারে।’
একই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, ‘এবারের শীত একটু বিলম্বে দেখা দিতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের দেশে শীতের প্রভাব শুরু হয় ডিসেম্বরে। যদিও শহরের বাইরে গ্রামাঞ্চলে এখনই হালকা কুয়াশা দেখা যাচ্ছে, তারপরও এগুলোকে সামগ্রিকভাবে শীতের আবহ বলা যাবে না। শীত আসবে ডিসেম্বরে।’
আসছে বঙ্গোপসাগরে লঘুচাপ : আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্টিং কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, বৃহস্পতি (আজ) বা শুক্রবার (আগামীকাল) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি চার থেকে পাঁচ দিন সাগরে অবস্থান করে নিম্নচাপে রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ এলাকা অতিক্রম করতে পারে। আর তা কেটে গেলেই মাসের শেষার্ধে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শীতে থাকবে এলনিনোর প্রভাব বিশ্বজুড়ে সক্রিয় এলনিনো এবার আমাদের দেশের শীতে প্রভাব ফেলতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। এ বিষয়ে ড. বজলুর রশিদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এলনিনো সক্রিয় অবস্থায় থাকবে। আর এই সময়টা আমাদের শীতকাল। এলনিনো সক্রিয় থাকলে এই অঞ্চলে উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে।’ একই মন্তব্য করে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশও দূরে নয়। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের সাথে এবার যুক্ত হয়েছে এলনিনোর প্রভাব। এতে হয়তো এবার শীতের তীব্রতা কম থাকতে পারে।’
এলনিনো মানে প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্রস্রোত। এই স্রোতের ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরুর দিকের পানি। এ সময় দক্ষিণ গোলার্ধের পূবালী বায়ুর প্রবাহ বদলে যায়। পূবালী বায়ু যখন পুবে না বয়ে পশ্চিমে বয়ে যায়, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। কারণ, বাতাসের প্রবাহ সমুদ্রস্রোতকে বয়ে নিতে থাকে পশ্চিম দিকে। ফলে পশ্চিমের দিকে বৃষ্টি বাড়ে। আর বাংলাদেশ, ভারত, মিয়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব। বেড়ে যায় তাপমাত্রা। শুকিয়ে যায় মাটি। এমনকি খরাও দেখা দিতে পারে। সাধারণত ৪ থেকে ৭ বছর পরপর এই পরিস্থিতি দেখা দেয়। স্থায়ী হয় ১২ থেকে ১৮ মাসের মতো। কিন্তু বর্তমানে এটি আরও ঘন ঘন দেখা যাচ্ছে। এলনিনোর উল্টো ঘটনার নাম লা নিনা।
এবার এলনিনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করে সাউথ এশিয়ান মিটিওরোলজিক্যাল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ড. মোহন কুমার দাশ বলেন, ‘এলনিনোর প্রভাবে এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশই সতর্ক অবস্থায় রয়েছে। এর প্রভাব আমাদের দেশের আবহাওয়াও পড়বে। তবে ক্ষুদ্র আকারে তা কতটুকু প্রভাব ফেলবে তাই বিবেচ্য বিষয়।’
উল্লেখ্য, অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বিদায়ে শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়। দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে এবং জানুয়ারি মাসে গিয়ে সবচেয়ে বেশি শীত অনুভব হয়ে থাকে। এজন্য দেশের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি। সাধারণত কোনো অঞ্চলের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ থেকে ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়।