ছেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলে চেপে। কিছু দূর আসার পর দেখেন সড়কে জটলা। তিনি মোটরসাইকেল থামিয়ে উঁকি দিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন বাবা। ঘটনার আকস্মিকতায় তিনি হতবিহ্বল হয়ে পড়েন। পরে তিনি দ্রুত বাবাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার রাতে কক্সবাজারের চকরিয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল দে (৬৫)। ডুলাহাজারা বাজারে একটি ওষুধের দোকান করতেন তিনি। তার ছেলের নাম রনি দে। হাইওয়ে পুলিশের ধারণা, অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবুল দে নিহত হয়েছেন। জানা গেছে, প্রতিদিনের মতো রাতে ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। তার ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় ছেলে রনি দে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল। আহত অবস্থায় বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ছেলে রনি দে। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এর কয়েক ঘণ্টা পর বুধবার ভোররাতে খুটাখালী বাজার জামে মসজিদের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আবু বক্কর এবং সড়কের পাশে পার্কিং করে রাখা অপর একটি মোটরসাইকেলের আরোহী মনিরুল খালেদ ওরফে রনি গুরুতর আহত হন। এ সময় বাসের কয়েকজন যাত্রীও সামান্য আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল ও ঈদগাঁওর ইউনাইটেড হাসপাতালে পাঠান। পরে গুরুতর আহত মনিরুল খালেদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানার রাত্রীকালীন মোবাইল টিমের ইনচার্জ এসআই খোকন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও একটি মোটরসাইকেল হেফাজতে নেন বলে জানান। পরে বাসের যাত্রীদের অন্য একটি বাসে করে গন্তব্যে পাঠানো হয়। তিনি জানান, পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।