জলবায়ু পরিবর্তনের জন্য দায় বাংলাদেশের খুবই সামান্য। অথচ জলবায়ু বিপর্যয়ের ক্ষতি সামলাতে গিয়ে সবচেয়ে বড় আর্থিক চাপের মুখে আছে বাংলাদেশ। একদিকে ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের ক্ষতি মোকাবিলা করতে হচ্ছে; অন্যদিকে সেই ক্ষতি সামলানোর অর্থ সংগ্রহেও আন্তর্জাতিক সহযোগিতার অপেক্ষায় থাকতে হচ্ছে। বাংলাদেশের মতোই বিশ্বের অনুন্নত দেশগুলোর একই অবস্থা। বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য ঋণ দিলেও তা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। এদিকে তহবিল দেওয়ার আড়ালে ঋণের ব্যবসার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, জলবায়ু পরিবর্তনের জন্য যারা সবচেয়ে বেশি দায়ী, তাদের কাছ থেকেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এখনো অর্থের জন্য দর-কষাকষি করতে হচ্ছে। অনুদানের পরিবর্তে ঋণ, অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা এবং তহবিলের ঘাটতি তাদের সংকট আরও বাড়িয়ে তুলছে। বাংলাদেশের জন্য কপ-৩১ সম্মেলন কেবল একটি আন্তর্জাতিক সম্মেলন নয়; এটি জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ। এই সম্মেলন থেকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো যদি অর্থায়ন, ক্ষতিপূরণ ও প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা আদায় করতে না পারে, তাহলে এ সম্মেলনের তাৎপর্য নিয়ে প্রশ্ন থেকেই যাবে। বিশেষ করে ২০৩৫ সালের অর্থায়ন লক্ষ্যমাত্রার সঙ্গে বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনার প্রয়োজনীয় অর্থের সংযোগ তৈরি করা জরুরি। শুধু বৈশ্বিক লক্ষ্যমাত্রা ঘোষণা করলেই হবে না; বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, হাওর ও খরাপ্রবণ এলাকার মানুষের কাছে সেই অর্থ পৌঁছাতে হবে।
তহবিলের নামে ব্যবসা না করার দাবি : সম্মেলনে অনুন্নত দেশের প্রতিনিধিরা জোরালো দাবি করেছেন, তহবিলের নামে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা ছাড়া ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে সহজ প্রবেশাধিকার এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি জানিয়েছেন। উন্নয়নশীল দেশগুলো অর্থায়ন ঘাটতি ও ঋণের বোঝা নিয়ে সম্মেলনে চাপ তৈরির চেষ্টা করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন তহবিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু এই তহবিলের অর্থের ঘাটতি নিয়ে স্বল্পোন্নত দেশগুলো উদ্বেগ জানিয়েছে। সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে তহবিলে অর্থের ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়।
নতুন করে অনুদান চূড়ান্ত হয়নি : বাংলাদেশের জন্য নতুন করে কোনো অর্থ বরাদ্দ, ক্ষতিপূরণ কিংবা অনুদানের নিশ্চয়তা পাওয়া যায়নি। আলোচনার অনেক বিষয় এখনো দর-কষাকষি ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ কিছু কূটনৈতিক অগ্রগতি ও দাবি তুলে ধরার সুযোগ পেয়েছে। তবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে দরিদ্র দেশগুলোর অভিযোজন পরিকল্পনা কাগজেই থেকে যাবে।
অর্থায়ন নিয়ে হতাশা : অভিযোজন অর্থায়ন নিয়ে উন্নয়নশীল দেশগুলোর হতাশা সামনে এসেছে। আফ্রিকান দেশগুলোর জোট অভিযোজন অর্থায়ন তিনগুণ করার দাবি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছিল। কিন্তু উন্নত দেশগুলোর ঐকমত্যের অভাবে সেটি গৃহীত হয়নি। আরও উদ্বেগের বিষয়, নেপাল ও ভুটানের প্রস্তাবিত ‘১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন ও পাহাড়ি অঞ্চল’ বিষয়ক পৃথক আলোচ্যসূচিও গৃহীত হয়নি। বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
উদ্বোধনী দিনে বিশ্ব আবহাওয়া সংস্থা তাদের ‘স্টেট অব দ্য গ্লোবাল ক্লাইমেট ২০২৬’ প্রতিবেদন প্রকাশ করে। এতে চরম সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, গত ১২ বছর হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়। রেকর্ড পরিমাণ বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও মহাসাগরের তাপমাত্রা। এ ছাড়া এল নিনোর প্রভাবে আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বজুড়ে চরম খরা ও তাপপ্রবাহের ঝুঁকি রয়েছে। তবে আশার খবর হলো, এ বছর বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার না বাড়া।
বাংলাদেশের বহুমাত্রিক সংকট ও প্রত্যাশা : বৈশ্বিক কার্বন নিঃসরণে অবদান সামান্য হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর একটি। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের ঝুঁকির পাশাপাশি উত্তরাঞ্চলে খরা, তীব্র তাপপ্রবাহ এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার মতো বহুমাত্রিক সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের অভিজ্ঞতা বলছে, জলবায়ু অভিযোজনকে শুধু বাঁধ নির্মাণ বা প্রকল্পভিত্তিক কার্যক্রমে সীমাবদ্ধ রাখলে চলবে না। এখন প্রয়োজন পানির টেকসই ব্যবস্থাপনা, কৃষির স্থিতিস্থাপকতা, প্রকৃতিভিত্তিক সমাধান এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা সুরক্ষা।
২৩০ বিলিয়ন ডলারের পরিকল্পনা : বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নে প্রয়োজন আনুমানিক ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ দিয়ে দেশের উপকূলীয় অঞ্চল রক্ষা, নদীভাঙন মোকাবিলা, কৃষির অভিযোজন, নিরাপদ পানির ব্যবস্থা, দুর্যোগ সহনশীল অবকাঠামো এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পরিকল্পনা রয়েছে। কিন্তু এত বিশাল অর্থের সংস্থান কীভাবে হবে, সেটিই এখন বড় প্রশ্ন। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি নিজস্ব বাজেট থেকেও জলবায়ু সংশ্লিষ্ট খাতে অর্থ ব্যয় করছে। সরকারি তথ্য অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে বছরে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার জলবায়ু সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা হয়। কিন্তু এটা দিয়ে দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। ফলে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোর সামনে অর্থায়নের বিশাল ঘাটতি তৈরি হচ্ছে।
ঋণ নিয়ে জলবায়ু মোকাবিলা : জলবায়ু অর্থায়নের সবচেয়ে বিতর্কিত জায়গা হলো ঋণ ও অনুদানের পার্থক্য। উন্নত দেশগুলোর কাছ থেকে যে অর্থায়ন পাওয়ার কথা, তার একটি বড় অংশই ঋণ, যা সুদসহ পরিশোধ করতে হবে। এতে ঋণের বোঝা বাড়ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর। তাই অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর দাবি বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর। সম্মেলনে নেপালের জলবায়ু অর্থায়নের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটির বরাদ্দ পাওয়া আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রায় ৬৩ শতাংশ ছিল ঋণ এবং প্রায় ৩০ শতাংশ অনুদান।
ক্ষতিপূরণের তহবিলেও অনিশ্চয়তা : জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ক্ষতি ঠেকানো সম্ভব নয়, সেগুলো মোকাবিলায় ক্ষতিপূরণ তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য এই তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশের অনেক এলাকায় নদীভাঙনে মানুষের বসতভিটা হারিয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা কৃষি ও সুপেয় পানির সংকট বাড়াচ্ছে। ঘূর্ণিঝড় ও বন্যায় ঘরবাড়ি, ফসল এবং অবকাঠামোর ক্ষতি হচ্ছে। কিন্তু তহবিল থাকলেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে অর্থ পৌঁছে যাবে, এমন নিশ্চয়তা নেই।
রপ্তানি বৃদ্ধির সুযোগ : সম্মেলনে বাংলাদেশের আরেকটি ভিন্ন উদ্যোগ নজর কেড়েছে। গ্রিন জোনে বাংলাদেশের প্যাভিলিয়নে পরিবেশবান্ধব পাটপণ্য, বায়োডিগ্রেডেবল বিকল্প এবং পরিবেশবান্ধব কৃষির সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো গেলে প্লাস্টিকের বিকল্প তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
ভন্ডামির অভিযোগ গ্রেটা থুনবার্গের : জলবায়ু সম্মেলনকে ‘চরম ভন্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। একই সঙ্গে বিশ্বনেতাদের নিজেদের লাভ ও ক্ষমতার কথা না ভেবে মানুষ ও বিশ্বকে রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার জলবায়ু সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন থুনবার্গ। তিনি বলেন, ‘প্রতি বছর এই সম্মেলন এক ধরনের ভন্ডামিতে রূপ নেয়, যেখানে সেই সব বিনাশী কোম্পানির দালালদের ভিড় থাকে; যারা বর্তমানের বৈশ্বিক ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে মুনাফা লুটছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা মানুষ ও প্রকৃতির জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ধনী ও ক্ষমতাবান গুটি কয়েক মানুষের অফুরন্ত লাভ আর ক্ষমতার লোভ সামলাতে গিয়ে সাধারণ মানুষ ও পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ছে। এসব বন্ধ করে মানুষের কল্যাণে কাজ করা উচিত।’ তুরস্কের এই জলবায়ু সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। পরের সম্মেলন আগামী বছরের নভেম্বরে ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে।