ইউরোপ থেকে ফিরতে হলো আরও ৪৪ বাংলাদেশিকে

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

নথিপত্রহীন ও অনিয়মিত পথে ইউরোপে যাওয়া আরও ৪৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে এসেছেন চারজন। গতকাল বুধবার সকাল সোয়া ৯টায় একটি চার্টার্ড ফ্লাইটে (এন ০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, একজন নারীসহ ৪৪ বাংলাদেশিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ প্রকল্প ‘প্রত্যাশা-২’-এর আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম। এভাবে সমুদ্রপথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে জানিয়ে শরিফুল হাসান বলেন, নতুন অভিবাসন নীতি অনুযায়ী অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। অর্থাৎ ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফলাফল শূন্য। অথচ মানুষ ভাবছে যেমন তেমনভাবে ইউরোপে গেলেই সব সমস্যার সমাধান। এই ভ্রান্ত ধারণা ভাঙতে হবে।

তিনি বলেন, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। তাই বিদেশগামীদের আরও সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যেতে হবে।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত