রাজধানীতে ২ নারীকে পিষে মারল বাস

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

রাজধানীর গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নারী। গতকাল বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় চাঁদনী ট্রাভেল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানার অন্তর্গত গাবতলী পর্বতের সামনে সড়কের প্রবেশ দ্বারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চাঁদনী ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে চাপা দেয়। বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। পাশাপাশি বাসচালককেও আটক করা হয়েছে। দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের বিষয়ে চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত