ঢাবির ভর্তি সূচি পুনর্বিবেচনার আহ্বান রাশেদা কে চৌধূরীর

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতেই তিনি এ আহ্বান জানান। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন করপোরেশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর জোট গণসাক্ষরতা অভিযান এ আয়োজন করে। এ সময় সমন্বিত নীতিমালা প্রণয়নসহ তিন দফা প্রস্তাব তুলে ধরা হয়। রাশেদা কে চৌধূরী এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য এবার সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। এ পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যে এই উদ্যোগ। রাশেদা কে চৌধূরী বলেন, ঢাবিসহ সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়ে এইচএসসিতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

সম্পূরক পরীক্ষার বিষয়ে গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবনা তুলে ধরেন সংস্থাটির কার্যক্রম কর্মকর্তা মো. সিজুল ইসলাম। তিনি বলেন, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষার (সম্পূরক পরীক্ষা) সুযোগ দেওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা দ্রুত প্রণয়ন প্রয়োজন। এই নীতিমালায় কোন পর্যায়ে কতটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী আবার পরীক্ষার সুযোগ পাবেন, পরীক্ষার সময়সীমা, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রকাশ এবং পরবর্তী ধাপে ভর্তির সুযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো উল্লেখ থাকা প্রয়োজন।

এর আগে গত সোমবার ইউজিসিতে উপাচার্য বা তাদের প্রতিনিধিদের সঙ্গে সভা করে আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু ইউজিসিতে অনুষ্ঠিত সভার দিনেই ঢাকা বিশ^বিদ্যালয় জরুরি সভা ডেকে ঘোষিত সময়েই ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর ফলে এইচএসসিতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত