বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ এএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের প্রকৃত সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি নথিতে শরণার্থীর সংখ্যা কম থাকলেও বাস্তবে আরও বেশি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয়, খাদ্য ও মানবিক সহায়তা দিতে গিয়ে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজের কার্যালয়ে গতকাল বুধবার মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্তের নিরাপত্তা এবং শিবিরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত তৎপরতা এবং কার্যকর সহযোগিতা প্রয়োজন। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর বিশ্ব সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

জবাবে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে দীর্ঘদিন আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত