গাজীপুরের কালিয়াকৈরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন (৩০), তার স্ত্রী শিমু আক্তার ও তাদের আট বছর বয়সী ছেলে আরাফাত ইসলাম (৮)। মামুন হোসেন পেশায় একজন দন্ত চিকিৎসক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন মামুন। সফিপুর ফ্লাইওভারের ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত পরিবহন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে কালিয়াকৈর ও নাওজোর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘাতক পরিবহন ও চালককে শনাক্ত করা যায়নি।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ বলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। ঘটনার আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক পরিবহন ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার খসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার (৮৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির মাহামুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পিকআপচালক রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
চুয়াডাঙ্গা থেকে বান্ধবীর সঙ্গে ঝিনাইদহে বেড়াতে যাওয়ার পথে ভেটেরিনারি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম সৌরভ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়া খাতুন নামে তার এক বান্ধবী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করে। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার বাসিন্দা ও পৌর ছাত্রদলের সদস্য। আহত রিয়া খাতুন একই শহরের চুয়াডাঙ্গা শহরের বেলগাছি গ্রামের বাসিন্দা।
স্থানীয় জানায়, রাতে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ঝিনাইদহে বেড়াতে আসার পথে ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে সৌরভ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। সেসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সৌরভ ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় রিয়া খাতুন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রিয়া খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন গাজীপুর, গোপালঞ্জ, ঝিনাইদহ ও মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি]