রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষাতেও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে
আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডাচেস অব এডিনবার্গ তার তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।