রাওয়ালপিন্ডির ২২ গজে যখন লঙ্কান ব্যাটারদের প্রতিরোধে ম্যাচের লাগাম হাতছাড়া হওয়ার উপক্রম, ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হলেন এক নবাগত। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই বল হাতে রীতিমতো জাদু দেখালেন পাকিস্তানের ডানহাতি পেসার সাকিব খান। লঙ্কান ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়ে ৩৪ ওভারে ১৩০ রান খরচায় তুলে নিয়েছেন ৭টি মূল্যবান উইকেট। আর এই বিধ্বংসী স্পেলেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিলেন ৩১ বছর বয়সী এই গতি তারকা।
পাঁচ ফিফটিতে পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৩৪ রানের বড় সংগ্রহের পর সাকিবের অভিষেক পর্বের শুরুটা হয়েছিল ঠিক স্বপ্নের মতো। দ্বিতীয় দিনের শেষ বিকেলে অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে (১) এক অনবদ্য ডেলিভারিতে পরাস্ত করে নিজের প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান তিনি। ক্রিজের বেশ বাইরে থেকে ভেতরে ঢোকা বলটি হঠাৎ সোজা হয়ে চান্দিমালের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে ফিল্ডারের হাতে, যা যেকোনো পেসারের জন্যই আজীবন মনে রাখার মতো এক ডেলিভারি।
এরপর আক্রমণাত্মক মেজাজে থাকা লাহিরু উদারাকেও (৫২ বলে ৪২ রান) সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় দিনেই নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন সাকিব।
তবে সাকিবের আসল পরীক্ষা শুরু হয় তৃতীয় দিনে। ১৫৫ রানেই ৪ উইকেট পড়ায় পর শ্রীলঙ্কাকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। দুজনের ২৪৯ রানের ম্যারাথন জুটিতে যখন পাকিস্তানি বোলাররা দিশেহারা, তখন ইনিংসের ১০৩তম ওভারে ১৬৭ রান করা ধনাঞ্জয়াকে ফিরিয়ে বড় ব্রেক-থ্রু এনে দেন সাকিব।
সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আরেক সেঞ্চুরিয়ান মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান মিডল অর্ডারের রান বন্যা থামান তিনি। পরবর্তীতে সোনাল দিনুশা, লাহিরু কুমারা এবং আসিথা ফার্নান্দোকে একে একে আউট করে নিজের সপ্তম শিকার পূর্ণ করেন এই ডানহাতি পেসার।
দারুণ এই বোলিং ফিগারে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব। পাকিস্তানের টেস্ট ইতিহাসের মাত্র চতুর্থ বোলার হিসেবে অভিষেক ইনিংসেই ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। একই সঙ্গে নবম পাকিস্তানি বোলার হিসেবে অভিষেক ইনিংসে ফাইফার (পাঁচ বা ততোধিক উইকেট) নেওয়ার গৌরবও সঙ্গী হলো তার।
নিয়ন্ত্রিত লাইন-লেন্থ আর অফ-স্টাম্পের বাইরের চ্যানেলে ধারাবাহিক বোলিং করে লঙ্কান ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছেড়েছিলেন সাকিব। এতে মাঝের সময়ে লঙ্কানরা দারুণ খেললেও ৪ উইকেটে ৪০৪ রান থেকে শেষ পর্যন্ত ৪৪৬ রান অলআউট হয় সফরকারীরা।
‘নেইমার-মেসি-ইয়ামাল নয়, নিজের পরিচয়েই বড় হোক ফারহান’