ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এছাড়া আরও তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাদের পদত্যাগপত্রে এখনো স্বাক্ষর করা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় তারা সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পদ ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগ করা তিন শিক্ষক হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।
বুধবার (১১ নভেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।
অন্যদিকে পদত্যাগপত্র জমা দেওয়া বাকি তিনজন হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। তাঁরা পদত্যাগপত্র জমা দিলেও সেগুলোতে এখনো স্বাক্ষর করা হয়নি।
সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, গতকাল প্রক্টরের সঙ্গে তার দেখা হয়েছিল। এ সময় প্রক্টর তাকে পারিপার্শ্বিক চাপের কথা জানান। পরে তিনি পদত্যাগ করা ভালো হবে কি না, তা জানতে চাইলে প্রক্টর তাকে পদত্যাগের অনুরোধ করেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, তার জানা মতে, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন, বাকি তিনজনও জমা দেবেন।
তিনি আরও জানান, প্রক্টর সরাসরি কোনো নির্দেশ দেননি বরং পারিপার্শ্বিক চাপের কথা জানিয়ে পদত্যাগের অনুরোধ করেছিলেন।
অন্যদিকে পদত্যাগের কারণ সম্পর্কে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রেও এসব কারণ উল্লেখ করেছেন।
মোট কতজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন, জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি পদত্যাগ করেছেন। তবে ছয়জন পদত্যাগ করেছেন বলে শুনেছেন। যদিও এ বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, গতকাল তিনি দুজনের পদত্যাগপত্র পেয়েছেন। তারা তাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটি সভা শেষে আরও তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রাজনৈতিক চাপের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অভিযোগ থাকবেই। সব জায়গায় রাজনীতির গন্ধ খোঁজা হয়। তবে যারা পদত্যাগ করেছেন, তারা কী কারণে পদত্যাগ করেছেন, তা তারাই ভালো বলতে পারবেন।